আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি
|
ফলো করুন |
|
|---|---|
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে বন্দি ৪১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে আরাকান আর্মির কাছ থেকে ওই জেলেদের গ্রহণ করে কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে বিভিন্ন সময়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংগঠনটির নিয়ন্ত্রিত স্থানে অথবা কারাগারে সাজা দিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে জেলে পরিবারগুলোর দিকে তাকিয়ে মানবিক দিক বিবেচনায় বিজিবি এ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজিবির উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং পর্যায়ক্রমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ফেরা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৩২৩ জন আটক জেলেকে বিজিবির প্রচেষ্টায় মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
