কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক মা ও তার শিশুসন্তান আহত হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত মা ও তার শিশুসন্তানকে স্থানীয় লোকজন উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাযদার দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

