বালিয়াড়িতে পাকা রাস্তা-স্থাপনা, কার্নিভালের পর কী হবে সৈকতের?
জসিম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার সমুদ্রসৈকতে আজ (রোববার) শুরু হচ্ছে বহুল আলোচিত বিচ কার্নিভাল। এ আয়োজন ঘিরে গত দুই সপ্তাহ ধরে জেলায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন ও আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল বিতর্ক।
কেউ বলছেন, কার্নিভাল পর্যটন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করবে। অন্যদিকে পরিবেশকর্মীদের অভিযোগ, আয়োজনের নামে সৈকতের বালিয়াড়িতে গাছপালা কেটে তৈরি করা হচ্ছে পাকা রাস্তা ও স্থাপনা। তিন মাসের কার্নিভালের জন্য এসব অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজন শেষে এসব স্থাপনার কী হবে, সৈকতের পরিবেশ কতটা অক্ষত থাকবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে।
গাছ কেটে কার্নিভাল আয়োজনের সমালোচনা করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কার্নিভাল চাই, উন্নয়ন চাই। তবে সেটা হতে হবে পরিবেশ অক্ষত রেখে।’ তার এ বক্তব্যের পর কার্নিভাল আয়োজনের পক্ষে-বিপক্ষে চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে।
এ আয়োজন নিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে তিন বছরের। অথচ প্রচার করা হচ্ছে তিন মাসের কার্নিভাল। চুক্তি অনুযায়ী, সমুদ্রসৈকতের বালিয়াড়ির প্রায় ৩৫ একর জমি বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি। আয় থেকে ২০ শতাংশ পাবে পর্যটন করপোরেশন, বাকি ৮০ শতাংশ পাবে আয়োজক প্রতিষ্ঠান।
কার্নিভাল চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ তিন বছর হওয়ায় এ আয়োজন দীর্ঘমেয়াদি রূপ পেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশসংশ্লিষ্টরা। তাদের প্রশ্ন, তিন মাসের কার্নিভালের জন্য বালিয়াড়িতে পাকা রাস্তা ও স্থাপনা নির্মাণের প্রয়োজন কেন? আয়োজন শেষে এসব অবকাঠামো সরিয়ে নেওয়া হবে, নাকি সৈকতের বুকে থেকে যাবে, তা নিয়েও স্পষ্ট কোনো তথ্য নেই কারো কাছেই। বরং উলটো পরিস্থিতি বিবেচনায় সময় আর বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চুক্তি তিন বছরের, জমি ব্যবহারে ভাড়া নেই
পর্যটন করপোরেশন ও স্পেলবাউন্ডের চুক্তিতে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ রয়েছে। তবে ৩৫ একর জমির জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। আয় থেকে ২০ শতাংশ পর্যটন করপোরেশন এবং ৮০ শতাংশ স্পেলবাউন্ড পাবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামিমুজ্জামান প্রথমে তিন বছরের চুক্তির বিষয়টি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন। তিনি বলেন, চুক্তি যেকোনো সময় বাতিল করা যাবে। এ বছরের আয়োজনের অভিজ্ঞতা, লাভজনকতা ও মানুষের গ্রহণযোগ্যতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আয়োজন সফল হলে তিন বছর পর্যন্ত চালানো যেতে পারে।
গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। তবে স্থানীয়ভাবে জমি ইজারা দেওয়া হবে না।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, জেলা প্রশাসনকে তিন মাসের কার্নিভাল আয়োজনের বিষয়ে জানানো হয়েছিল। চুক্তির মেয়াদ, টিকিট, স্টল বরাদ্দ ও তদারকির বিষয়গুলো পর্যটন করপোরেশনের দায়িত্ব।
স্পেলবাউন্ডের প্রজেক্ট ও বিজনেস ইন্টিগ্রেশন কর্মকর্তা আহমেদ সুপ্রতিম ভাস্কর বলেন, কার্নিভালের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। রোববার বিকাল ৩টায় উদ্বোধন হবে। দর্শনার্থীদের সাড়া ভালো হলে আয়োজন চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
বালিয়াড়িতে পাকা রাস্তা ও স্থাপনা
এদিকে কার্নিভাল ঘিরে বালিয়াড়িতে বিদ্যুৎ উপকেন্দ্র, শৌচাগার, ইটের রাস্তা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব কাজের কারণে সৈকতের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পরিবেশকর্মীদের।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে সৈকত এলাকা পরিদর্শন করে ঝাউগাছ কাটা, ঘাস উপড়ে ফেলা এবং সৈকতের লতাগুল্ম নষ্ট করার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৮ নভেম্বর সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুল বান্না।
তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম। তার দাবি, হাঁটার পথ তৈরির জন্য শুধু ঘাস ছাঁটা হয়েছে।
টিকিট ও স্টল থেকে আয়
কার্নিভালে প্রবেশের জন্য একক টিকিটের দাম ২০০ টাকা এবং সারাদিনের টিকিট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটে ছয়টি সাধারণ জোনে প্রবেশের সুযোগ থাকলেও ১৫টি জোনের কয়েকটিতে বাড়তি টাকা দিতে হবে। কায়াকিংয়ের জন্য নেওয়া হচ্ছে ৫০ টাকা।
আয়োজনের অংশ হিসেবে ২০টি কনটেইনার ফুড প্যাভিলিয়নের প্রতিটির বরাদ্দমূল্য ১৫ লাখ টাকা। এর সঙ্গে দিতে হবে ১০ শতাংশ সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল। ৫০টি প্যাগোডা ফুড স্টলের প্রতিটির বরাদ্দমূল্য ৩ লাখ টাকা, সঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। এ ছাড়া ২০টি পপআপ ফুড কার্টের প্রতিটির জন্য নেওয়া হচ্ছে দেড় লাখ টাকা।
পরিবেশের ক্ষতি না করার দাবি স্থানীয়দের
পরিবেশ কর্মী ও স্থানীয়দের অনেকে সৈকতে কার্নিভাল আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন হলে পর্যটকদের বিনোদনের সুযোগ বাড়বে, ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। তবে আয়োজন করতে গিয়ে সৈকতের গাছপালা কাটা, বালিয়াড়ি নষ্ট করা কিংবা স্থায়ী অবকাঠামো নির্মাণের পক্ষে নন তারা। পরিবেশের ক্ষতি না করে কার্নিভাল আয়োজনের দাবি তাদের।
সাংবাদিকদের কার্নিভাল এলাকায় প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। তবে পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মো. ইহসানুল কবির এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিন মাস পর অস্থায়ী স্থাপনা ও অন্যান্য আয়োজন সরিয়ে নেওয়া হবে।
এদিকে কার্নিভাল আয়োজনের জন্য সৈকতের জমির শ্রেণি পরিবর্তন করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বাদ দেওয়া এবং দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে পর্যটন করপোরেশন এমন পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
