কক্সবাজারে বালিয়াড়িতে কার্নিভাল
তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি
বিনা ভাড়ায় ৩৫ একর জমি ব্যবহারের সুযোগ
জসিম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকঢোল পিটিয়ে কক্সবাজার সৈকতে বালিয়াড়িতে তিন মাসের কার্নিভালের প্রচার চালালেও আড়ালে তিন বছরের চুক্তি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও আয়োজক প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশন্স লিমিটেড। এর ফলে সমুদ্রসৈকতের পাশে প্রায় ৩৫ একর বালিয়াড়ি বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ পেয়েছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, কার্নিভালের আয় থেকে ২০ শতাংশ পাবে পর্যটন করপোরেশন, বাকি ৮০ শতাংশ পাবে স্পেলবাউন্ড। এ আয়োজন ঘিরে পরিবেশের ক্ষতি, গাছ কাটার অভিযোগ, লাখ লাখ টাকা স্টল ভাড়া এবং সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যুগান্তরের অনুসন্ধানে চুক্তির তথ্য জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কার্নিভাল আজ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে চুক্তিপত্রে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ করা হয়েছে। একাধিক কর্মকর্তা জানান, তিন মাসের কার্নিভাল শেষ হলেও সেখানে পর্যটনসেবা চালু রাখার পরিকল্পনা রয়েছে। বর্ষা মৌসুম বাদ দিয়ে বছরের অধিকাংশ সময় তাঁবু, ক্যাম্পিং, পর্যটকদের রাত্রিযাপন ও বিনোদনসেবা চালুর চিন্তা চলছে।
ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) পরিবর্তন করে জমিটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বাদ দিয়ে কোনো কোম্পানিকে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার গুঞ্জনও রয়েছে। তবে এ তথ্যের সত্যতা নেই বলে জানিয়েছে পর্যটন করপোরেশন।
জানা গেছে, চুক্তিপত্রে জমি ব্যবহারের মেয়াদ তিন বছর উল্লেখ করলেও এর জন্য কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, জেলা প্রশাসনকে তিন মাসের কার্নিভালের কথা জানানো হয়েছে। চুক্তির মেয়াদ কত দিন, সেটি পর্যটন করপোরেশনের বিষয়। টিকিট, স্টল বরাদ্দ ও সার্বিক তদারকিও করপোরেশন দেখছে।
প্রথমে তিন বছরের চুক্তির বিষয় অস্বীকার করলেও পরে স্বীকার করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। তিনি বলেন, চুক্তিতে যে কোনো সময় তা বাতিল করার শর্ত রয়েছে। চলতি বছরের আয়োজনের অভিজ্ঞতা, লাভজনকতা ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সফল হলে তিন বছর পর্যন্ত চালানোর সুযোগ রয়েছে।
গাছ কাটার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সেখানে সৌন্দর্যবর্ধনের কাজ হয়েছে। এছাড়া জমি স্থানীয়ভাবে কাউকে লিজ দেওয়া হবে না।
শনিবার স্পেলবাউন্ডের প্রজেক্ট ও বিজনেস ইন্টিগ্রেশন বিভাগের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম (ভাস্কর) বলেন, কার্নিভালের কাজ ৯০ শতাংশের বেশি শেষ হয়েছে। রোববার বেলা ৩টায় উদ্বোধনের প্রস্তুতি চলছে। দর্শনার্থীদের সাড়া পাওয়া গেলে আয়োজন চালিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
কার্নিভালের প্রস্তুতিতে ঝাউগাছ, সৈকতের লতাগুল্মের ক্ষতি করার অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা। এলাকায় সাবস্টেশন, শৌচাগার, ইটের হাঁটাপথ ও আলোকসজ্জাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ নিয়েও আপত্তি উঠেছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী হাসানুল বান্না বলেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এলাকা পরিদর্শন করে ঝাউগাছ কাটা, ঘাস উপড়ে ফেলা ও সৈকতের লতাগুল্ম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পেয়েছে। এ ঘটনায় ১৮ নভেম্বর সংশ্লিষ্টদের আইনি নোটিশ দিয়ে কার্নিভাল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
তবে আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আহমেদ সুপ্রতিম গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, হাঁটার পথ তৈরির জন্য শুধু ঘাস ছাঁটাই করা হয়েছে।
কার্নিভালে একবার প্রবেশের টিকিট ২০০ টাকা এবং সারা দিনের টিকিট ৫০০ টাকা। টিকিটে ছয়টি সাধারণ জোনে প্রবেশের সুযোগ থাকলেও ১৫টি জোনের কয়েকটিতে বাড়তি ফি দিতে হবে। কায়াকিংয়ের জন্য ৫০ টাকা নির্ধারণের কথা জানা গেছে।
অন্যদিকে বিনা ভাড়ায় পাওয়া জমিতে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দিয়ে বড় অঙ্কের অর্থ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বরাদ্দের তথ্য অনুযায়ী, ২০টি কনটেইনার ফুড প্যাভিলিয়নের প্রতিটির ভাড়া ১৫ লাখ টাকা। এর সঙ্গে ১০ শতাংশ সার্ভিস চার্জ ও বিদ্যুৎ বিল আলাদা। ৫০টি প্যাগোডা ফুড স্টলের প্রতিটির ভাড়া ৩ লাখ টাকা, সঙ্গে ১৫ শতাংশ সার্ভিস চার্জ। ২০টি পপ-আপ ফুড কার্টের ভাড়া দেড় লাখ টাকা করে। এদিকে অনিয়ম আড়াল করতে কার্নিভাল এলাকায় সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। তবে বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর বলেন, ‘সাংবাদিকদের প্রবেশে আমরা কোনো নিষেধাজ্ঞা দেইনি।’ তিনি বলেন, কার্নিভালের জন্য নির্মিত অস্থায়ী স্থাপনা ও অন্যান্য আয়োজন তিন মাস পর সরিয়ে ফেলা হবে।
