শিবচরের বাহাদুরপুর
হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান
মো. রবিউল হাসান, (শিবচর) মাদারীপুর
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলার ইতিহাসে ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ও ব্রিটিশবিরোধী সংগ্রামের অন্যতম অগ্রদূত হাজী শরীয়তুল্লাহ এক অবিস্মরণীয় নাম। ঊনবিংশ শতাব্দীতে কুসংস্কার, শোষণ ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে তিনি সাধারণ কৃষক ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। প্রমত্তা পদ্মার শাখা নদীঘেরা শ্যামল ভূমি মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে তার আস্তানা ও স্মৃতিবিজড়িত ঐতিহ্য আজও সেই গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কালের পরিক্রমায় আড়িয়াল খাঁ নদীর গর্ভে এই মহানায়কের কবর বিলীন হয়ে গেলেও মসজিদ-মাদ্রাসা, কবরস্থান আর বংশধরদের হাত ধরে গড়ে ওঠা আস্তানায় আজও জাগ্রত ফরায়েজি আন্দোলনের চেতনা।
উনিশ শতকের বাংলায় হাজী শরীয়তুল্লাহ ছিলেন একাধারে ধর্মীয় সংস্কারক, শোষণবিরোধী জননেতা ও ভারতবর্ষে আলোড়ন সৃষ্টিকারী ফরায়েজি আন্দোলনের প্রবক্তা। তার জীবন ও কর্ম ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে।
হাজী শরীয়তুল্লাহ ১৭৮১ সালে তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার শ্যামাইল (চর শ্যামাইল) গ্রামে তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল জলিল তালুকদার। তৎকালীন পরাধীন ভারতবর্ষের সামাজিক ও ধর্মীয় অবক্ষয় তাকে গভীরভাবে ব্যথিত করে। জ্ঞানার্জন ও আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে তিনি ১৭৯৯ সালে পবিত্র মক্কায় গমন করেন।
১৮১৮ সালে বাংলায় ফিরে এসে হাজী শরীয়তুল্লাহ ধর্ম প্রচার শুরু করেন, তবে প্রথমে তিনি সফল হননি। পরে শিক্ষকের পরামর্শে কাদেরিয়া তরিকায় দীক্ষা নিয়ে ১৮২০ সালে ফিরে এসে নতুন করে কাজ শুরু করেন। আরবের ইসলামী সংস্কার আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলনই ফরায়েজি আন্দোলন নামে পরিচিত হয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, বরিশাল, কুমিল্লাসহ পার্শ্ববর্তী অঞ্চলে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি শক্তিশালী গণআন্দোলনে পরিণত হয়।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলার মুসলমান সমাজ শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক মর্যাদায় পিছিয়ে পড়েছিল। হাজী শরীয়তুল্লাহ বুঝেছিলেন-ধর্মীয় পুনর্জাগরণ ব্যতীত এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তিনি ফরজ ইবাদত-নামাজ, রোজা, জাকাত, হজ পালনের ওপর গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে আত্মসচেতন করে তোলেন। তবে তার আন্দোলন শুধু ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। অচিরেই এটি কৃষক ও গণমানুষের রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়।
হাজী শরীয়তুল্লাহ ১৮৪০ সালে বাহাদুরপুরে মৃত্যুবরণ করেন। তাকে জন্মস্থান চর শ্যামাইলে সমাহিত করা হয়। পরে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে তার কবর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই মহান নেতার মৃত্যুর পর তার পুত্র মহসিনউদ্দীন দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে একে আরও শক্তিশালী করেন। ১৮৬২ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকায় তার মৃত্যু। পরে তাকে পুরান ঢাকার বংশাল এলাকায় কবর দেওয়া হয়।
তবে বাহাদুরপুর মাদ্রাসা-মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে পঞ্চম বংশধর আবুল হাফেজ মহসিন উদ্দিন আহমদসহ (দ্বিতীয় দুদু মিয়া) অন্য বংশধরদের দাফন করা হয়েছে। বর্তমানে বাহাদুর আস্থানায় হাজী শরীয়তুল্লাহ (রহ.)-এর সপ্তম বংশধররা বসবাস করছেন। ফরায়েজি আন্দোলনের এই প্রবক্তার স্মৃতিবিজড়িত এই বাহাদুরপুরে গড়ে উঠেছে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান। সপ্তম বংশধররাই এসব প্রতিষ্ঠান দেখাশোনা করছেন। হাজী শরীয়তুল্লাহর এই আস্তানায় তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত-অনুরাগী এখানে এসে দোয়া-মোনাজাতে অংশ নেন।
বাহাদুরপুর আস্তানার পীর ও হাজী শরীয়তুল্লাহর সপ্তম বংশধর মাওলানা আব্দুল্লাহ মো. হাসান বলেন, হাজী শরীয়তুল্লাহ শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন নন, তিনি বাংলার শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রদূত। ইতিহাসে ফরায়েজি আন্দোলন ব্রিটিশ বাংলার অন্যতম সফল ও গুরুত্বপূর্ণ আন্দোলন হিসাবে স্বীকৃত।
হাজী শরীয়তুল্লাহর (রহ.)-এর সপ্তম বংশধর ও জাতীয় সংসদের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, হাজী শরীয়তুল্লাহর মূল লক্ষ্য ছিল মুসলিম সমাজকে শিরক ও বিদআতমুক্ত করে ইসলামের মূল আদর্শে ফিরিয়ে আনা। কৃষক ও শ্রমজীবী শ্রেণিকে জমিদার, মহাজন ও নীলকরদের শোষণ এবং অত্যাচার থেকে মুক্ত করা।
