র্যাপিডের গবেষণা
অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের মোট ব্যক্তিগত সম্পদের প্রায় অর্ধেকই রয়েছে মাত্র ১ শতাংশ পরিবারের হাতে। আর শীর্ষ ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে ৭৬ শতাংশের বেশি সম্পদ। অথচ বিপুল সম্পদের মালিক এসব পরিবারের তুলনায় আয়ের অনুপাতে দরিদ্রদের করের বোঝা প্রায় ৭ গুণ বেশি।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এবং ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের যৌথ গবেষণায় এই চিত্র উঠে এসেছে।
শনিবার রাজধানীতে ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, দরিদ্রতম ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ ভ্যাটে চলে যায়, যেখানে শীর্ষ ধনী ১০ শতাংশের ক্ষেত্রে এ হার মাত্র ২ দশমিক ৮০ শতাংশ।
গবেষণার নেতৃত্ব দেন র্যাপিডের চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। সহ-গবেষক ছিলেন র্যাপিডের গবেষণা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. দীন ইসলাম এবং র্যাপিডের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তাহসিন রিফাত। গবেষণায় ২০২২ সালের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের তথ্য ব্যবহার করে ব্যক্তিগত আয়কর, অভ্যন্তরীণ ভ্যাট, কর পরিপালন এবং ব্যক্তিগত সম্পদের বণ্টন বিশ্লেষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, দেশের সবচেয়ে সম্পদশালী ১০ শতাংশ পরিবারের হাতে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি রয়েছে। শুধু শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে শীর্ষ ১ শতাংশের সম্পদের অংশ ৫৩ শতাংশের বেশি। পরিবারের জমি, বাড়ি, আর্থিক সম্পদ ও অন্যান্য সম্পদের মূল্য বিবেচনায় নিয়ে এই হিসাব করা হয়েছে।
সম্পদের এই কেন্দ্রীভবনের বিপরীতে করের বোঝা বেশি বহন করছে দরিদ্র জনগোষ্ঠী। দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসাবে সরকারি কোষাগারে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ ভ্যাট দিতে হয়। অর্থাৎ আয়ের অনুপাতে দরিদ্রদের ভ্যাটের বোঝা ধনীদের তুলনায় প্রায় ৭ গুণ বেশি।
আয়করেও বড় ধরনের বৈষম্য রয়েছে। গবেষণায় বলা হয়, সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি এই পরিবারগুলোর দেওয়ার কথা। অন্যদিকে নিুতম ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর দায় নেই। ফলে ব্যক্তি আয়কর আহরণ বাড়াতে উচ্চ আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে করের আওতা সম্প্রসারণের সুযোগ রয়েছে।
গবেষণায় আরও বলা হয়, ভোক্তারা ভ্যাটের বোঝা বহন করলেও এর পুরো অর্থ সরকারি কোষাগারে পৌঁছায় না। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপর্যাপ্ত নিবন্ধন, বিক্রয়ের তথ্য গোপন এবং যথাসময়ে ভ্যাট জমা না দেওয়ার কারণে রাজস্ব ফাঁকির সুযোগ তৈরি হয়। এ ক্ষেত্রে ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করে অতিরিক্ত রাজস্ব সংগ্রহ সম্ভব।
গবেষণায় উচ্চ আয়ের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে আয়করের আওতা সম্প্রসারণ, ভ্যাটের হার বাড়ানোর পরিবর্তে আদায় ও পরিপালনব্যবস্থা উন্নত করা এবং সম্পদের ব্যাপক কেন্দ্রীভবনের প্রেক্ষাপটে উত্তরাধিকার কর প্রবর্তনের বিষয়টি বিবেচনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি করপোরেট করছাড় ও বিশেষ সুবিধার যৌক্তিকতা পুনর্মূল্যায়ন, কর আদায়ের নামে হয়রানি পরিহার, করের আওতা সম্প্রসারণে স্থানীয় জনগোষ্ঠী ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ এবং কর প্রশাসনের আধুনিকায়নের পরামর্শ দেওয়া হয়।
গবেষণার ফলাফল উপস্থাপনকালে ড. এমএ রাজ্জাক বলেন, রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং জনগণ করের বিনিময়ে কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেসব বিষয়ও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও তথ্য সংযুক্তি) সৈয়দ মুশফিকুর রহমান। ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস উদ্বোধনী বক্তব্য দেন। আলোচক হিসাবে অংশ নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। আলোচনা সঞ্চালনা করেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. এম আর ইউসুফ।
