Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

Icon

সিরাজুল ইসলাম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে সরকার। ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলটি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশের বাইরে পলাতক শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থেকে উসকানি দিয়ে যাচ্ছেন। এর আগে ১৯ নভেম্বর দলটির ডাকা কর্মসূচির নামে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা করেছে। এতে সাধারণ মানুষের মনে তৈরি হয় উদ্বেগ। তাদের উদ্বেগ-উৎকণ্ঠা দূর করতে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হয়েছে বলে জানা গেছে। এর অংশ হিসাবে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সমন্বিত বাহিনী। ড্রোন নজরদারিতে আনা হচ্ছে রাজপথ। হাই এলার্ট জারি করা হয়েছে কেপিআইভুক্ত প্রতিষ্ঠানগুলোতে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সাম্প্রতিক সময়ে নাশকতার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে গোপালগঞ্জে। গত সপ্তাহে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় দফায় দফায় সশস্ত্র তাণ্ডব চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা অস্ত্র লুট করে নেয়। পুলিশের সাঁজোয়া যান বা এপিসিও ভাঙচুর করা হয়। এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে তারা। এমপি জিলানীর বাড়িঘরসহ পাটগাতি বাজারে যুবদল কার্যালয় ও সাধারণ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। হামলা ও অগ্নিসংযোগ করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায়। শুধু গোপালগঞ্জ নয়, নাশকতা ছড়িয়ে দেয় বেশ কয়েকটি জেলায়ও।

পুলিশ সদর দপ্তর ও গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান বলছে, গত অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে নাশকতামূলক তৎপরতা প্রায় পাঁচ গুণ বেড়েছে। অক্টোবর মাসে সারা দেশে ৫৭টি ঝটিকা কর্মসূচি ও নাশকতার তথ্য পাওয়া গিয়েছিল। কিন্তু নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮১টিতে। ৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। শতাধিক স্থানে ককটেল ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়, মিরপুরের রূপনগর থানা, আদাবর, শাহবাগ ও যাত্রাবাড়ী এলাকায় ককটেল হামলা চালানো হয়েছে। ভাঙ্গা, গৌরনদী, বরগুনা, সিলেট, কুমিল্লা ও নওগাঁর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং পেট্রোলবোমা মেরে যান চলাচল বন্ধ করার চেষ্টা হয়েছে। এমনকি তিনটি ইউনিয়ন পরিষদ অফিসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সামনের লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। তিনি যুগান্তরকে বলেন, ২৯ ও ৩০ নভেম্বর ঘিরে নাশকতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের লকডাউন কর্মসূচি মোকাবিলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যদি নাশকতা অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসআরবি, পুলিশ এবং বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মাঠে নামবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এসআরবি, এপিবিএন এবং আনসার ব্যাটালিয়ন-সবাই আছে। তারা যৌথভাবে কাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে আগে থেকে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন (২৭-২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি শনিবার অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এরই মধ্যে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে সাবেক সংসদ-সদস্য ও নিষিদ্ধ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে শহরের প্রবেশপথগুলোতে। দেশের সব বিমানবন্দর, পদ্মা সেতু, যমুনা সেতু, বিদ্যুৎকেন্দ্র এবং থানাগুলোতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। পুলিশের মনোবল চাঙা রাখতে এবং যে কোনো হামলা প্রতিহত করতে থানায় থানায় বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জের পোশাক কারখানা এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বহিরাগতদের ঠেকাতে কারখানার পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র। সম্প্রতি দেশের কয়েকটি স্থানে পুলিশ ফাঁড়ি ও টহল দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও লুটের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, ২০২৪ সালের লুট হওয়া এবং সাম্প্রতিক সময়ে বেহাত হওয়া এসব অস্ত্র লকডাউনের সময় নাশকতাকারীরা ব্যবহার করতে পারে। এরই মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারসহ কয়েকটি এলাকায় লুট হওয়া শটগান ও রাইফেল উদ্ধার হয়েছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সর্তক আছে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোও। সম্ভাব্য নৈরাজ্য কিংবা সহিংসতা রোধে রাজধানীসহ সারা দেশের প্রত্যেকটি পাড়া ও মহল্লায় অবস্থান নেবে দলটির নেতাকর্মীরা। পর্যায়ক্রমে দিন ও রাতে নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যে কোনো অপচেষ্টা জনগণ প্রতিহত করবে। কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথেই আছেন।

এদিকে, এক গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার নেপথ্যে থাকা ২৩ জন প্রভাবশালী নেতা এবং চারজন মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডকে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই নাশকতার মূল পরিকল্পনায় রয়েছেন পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এছাড়া অঞ্চলভিত্তিক অর্থ জোগানদাতা হিসাবে সাবেক কয়েকজন মন্ত্রী, সংসদ-সদস্য ও প্রভাবশালী ব্যবসায়ীর নাম উঠে এসেছে। গোয়েন্দা প্রতিবেদনে আরও দেখা গেছে, দেশের দুর্গম চরাঞ্চলে গোপনে ককটেল ও হাতবোমা তৈরি করা হচ্ছে। এরপর রাজধানীর পাঁচটি নির্দিষ্ট পয়েন্ট থেকে এই বিস্ফোরক ও নগদ অর্থ সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে আরেকটি ভয়াবহ ষড়যন্ত্রের তথ্য বেরিয়ে এসেছে। তা হলো দেশের রপ্তানিমুখী পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। গোয়েন্দা সূত্র জানায়, পোশাক কারখানার মালিকদের একটি অংশ, যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তারা ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের বেতন-ভাতা আটকে রাখছেন। এরপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে কারখানার ভেতরে ও রাস্তায় ঢুকে পড়ছে। তারা সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর চালাচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

র‌্যাপিডের গবেষণা অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

অর্ধেক সম্পদ ১ শতাংশ পরিবারের হাতে

শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

হাজী শরীয়তুল্লাহর স্মৃতি আজও অম্লান

নাশকতার ছক বানচালে ‘জিরো টলারেন্স’ নীতি ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

ড্রোন নজরদারিতে রাজপথ হাই অ্যালার্টে কেপিআই

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম