সাগরে ফেলে দেওয়া হয় সাত জনকে, পালিয়ে এলেন ২৮
গভীর সমুদ্রে জিম্মি ৭২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে পাচারকারীরা ৭২ জনকে জিম্মি করেছিলেন গভীর সমুদ্রে। অস্ত্রের মুখে জিম্মি থেকে একপর্যায়ে দালালচক্রের সঙ্গে সংঘর্ষের পর ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজার উপকূলে ফিরেছেন ২৮ জন। শুক্রবার রাতে নারী, শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ড। উদ্ধার হওয়াদের দাবি, তাদের সঙ্গে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ট্রলারটি পৌঁছায়। পরে স্থানীয় লোকজন, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই নারী, দুই শিশু ও ২৪ জন পুরুষ রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য, বাড়ি থেকে ডেকে নিয়ে, কাজের প্রলোভন বা বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নিয়ে আটকে রাখা হয়েছিল। পরে ছোট নৌকায় করে তাদের নেওয়া হয় গভীর সমুদ্রে থাকা একটি ট্রলারে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রত্যেকের কাছে দাবি করা হয় প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ। টাকা দিতে না পারলে নির্যাতন, এমনকি সাগরে ফেলে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এভাবে ট্রলারে বন্দি ছিলেন ৭২ জন। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে প্রতিরোধ গড়ে তোলেন ভুক্তভোগীরা।
উখিয়ার কোটবাজারের রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে তিনি বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়। একপর্যায়ে বুঝতে পারেন, তারা মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েছেন।
রিদুয়ান বলেন, আটকে রাখার পর তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বাইরের কারও সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন পাহারা দিত। আট থেকে ৯ দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নেওয়া হয় তাদের। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তুলে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে নেওয়া হয়।
তার ভাষ্য, প্রথমে চার দিন একটি ট্রলারে এবং পরে অন্য একটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।
রিদুয়ান জানান, মুক্তিপণের বিষয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে একজনকে মারধর করা হয়। এর প্রতিবাদে ট্রলারে থাকা যাত্রীদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দালালচক্র পালিয়ে গেলে কয়েকজন যাত্রী ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওয়ানা হন।
মুক্তার হোসেন নামে আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে তিনি মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দি অবস্থায় দেখতে পান।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, ট্রলারে ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন। পরে কয়েকজন মিলে প্রতিরোধ গড়ে তুলে ট্রলারের নিয়ন্ত্রণ নেন। শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে পাচারকারীরা নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে বসিয়ে রাখেন।
অপহরণের পর স্বজনদের ফোনে কল করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা বা অন্য দালালদের হাতে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন কয়েকজন অভিভাবক। উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন স্বজনরা। তাদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মোবাইল নম্বর থেকে কল করে জানতে চাওয়া হয়, ছেলের খবর পেয়েছেন কি না। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ছেলে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়
উদ্ধার হওয়া ব্যক্তি ও স্বজনদের অভিযোগ, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানুষকে অপহরণ ও মানব পাচারের সঙ্গে জড়িত। ভুক্তভোগী ও তাদের স্বজনরা অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার হওয়া ২৮ জনকে থানায় রাখা হয়েছিল। তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
