টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১২টার দিকে টেকনাফ পৌরশহরের শাপলা চত্বর অভিমুখে স্বেচ্ছাসেবক দলের একটি মিছিল যাচ্ছিল। পথে অলিয়াবাদ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের মিছিল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যান বলে অভিযোগ করেছেন মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা।
টেকনাফ স্বেচ্ছাসেবক দলের নেতা রহমত উল্লাহ বলেন, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাই ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর তার লোকজন নিয়ে নাশকতার পাঁয়তারা করছেন, এমন খবর পেয়ে তারা তাৎক্ষণিক সড়কে অবস্থান নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়া হয়।
মিছিলে অংশ নেওয়া পৌর ছাত্রদলের সহসভাপতি আব্দুর রহমান অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা রেজাউল করিম মানিক ও তার সহযোগীরা মিছিল লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালান। আত্মরক্ষার্থে তারা কিছুটা পিছু হটলেও পরে আবার ঘটনাস্থলে ফিরে আসেন। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যান।
এ ঘটনার একটি ভিডিও এবং একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, ওই ভিডিওতে বদির ভাই আব্দুস শুক্কুরকে দেখা গেছে।
এদিকে, ঘটনার পর টেকনাফ পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাঁজোয়া যান টহল দিচ্ছে। পাশাপাশি বিজিবি, পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) শতাধিক সদস্য মোতায়েন রয়েছেন।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ তৎপরতা অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবক দলের মিছিলে হামলাকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলকারীদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।

-6aff0563b1a66.jpg)