আইসিজের রায় ঘিরে রোহিঙ্গাদের চোখে জল, ঘরে ফেরার আকুতি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা ঘিরে মোনাজাতে রোহিঙ্গারা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চোখে জল, দুহাত তুলে মোনাজাত। কেউ নীরবে কাঁদছেন, কেউ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন পর্দায়। তাদের প্রার্থনা- দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক, একদিন যেন নিরাপদে ফিরতে পারেন নিজ ভিটেমাটিতে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা ঘিরে কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে তৈরি হয়েছে এমন আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কার্যক্রম দেখতে বিভিন্ন ক্যাম্পে সরাসরি সম্প্রচারের আয়োজন করেন রোহিঙ্গারা।
বিভিন্ন স্থানে একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেন রোহিঙ্গা নারী-পুরুষ। কোথাও রায় দেখার পাশাপাশি মোনাজাত করেন তারা। আল্লাহর কাছে তাদের প্রার্থনা, ন্যায়বিচারের পাশাপাশি যেন নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়।
রোহিঙ্গাদের কাছে এই রায় শুধু একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানোর বেদনার সঙ্গে জড়িয়ে আছে এই বিচারপ্রক্রিয়া। তাই আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন লাখো রোহিঙ্গা।
দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। জাপানের এই বিচারপতি ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ করেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা যায়।
রায় পাঠের শুরুতে ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও উল্লেখ করা হয়।
ন্যায়বিচারের আশায় রোহিঙ্গারা
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। আমরা আইসিজের রায় নিয়ে আশাবাদী। অতীতের বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে প্রত্যাশিত পরিবর্তন না এলেও এবার ভালো ফলের আশা করছি। অনুকূল রায় মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াবে এবং আমাদের নিজ দেশে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে।
ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের মতে, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়; এর সঙ্গে পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ জড়িত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায় ঘোষণার পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তনে সময় লাগবে।
রায় গুরুত্বপূর্ণ, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত
বাংলাদেশ সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। রায়ের পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে তা বাস্তবায়নে সহযোগিতা করা।
কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের প্রত্যাশা, আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে মিয়ানমারের পক্ষ থেকে তাদের ‘বহিরাগত’ হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হতে পারে।
তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না কিংবা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসনও টেকসই হবে না।
২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি করে। ২০২০ সালে আদালত অন্তর্বর্তী আদেশে রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাটির চূড়ান্ত রায় পাঠ করা হয়।
হেগের আদালতে রায় পাঠ শেষ হলেও কক্সবাজারের ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের অপেক্ষা শেষ হবে কিনা- তা এখনো অনিশ্চিত। তাদের চোখে জল, হাতে মোনাজাত। প্রার্থনা শুধু একটাই, ন্যায়বিচার পেয়ে একদিন যেন নিরাপদে ফিরতে পারেন নিজের ঘরে।

