ট্রাকচালকে গুলি করার পর ইট দিয়ে মাথা থেঁতলে দিল সন্ত্রাসীরা
যশোর ব্যুরো
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৮:৫৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের চৌগাছা উপজেলায় লোকমান হোসেন (৩৫) নামে এক ট্রাকচালককে গুলি করার পর মাথা ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা।
শনিবার রাত ৭টার দিকে চৌগাছা উপজেলার চাঁদপুর মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ লোকমানকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চৌগাছার চাঁদপুর গ্রামের আতর আলীর ছেলে।
আহতের ভাই মনসুর হোসেন বলেন, শনিবার রাত ৭টার দিকে চাঁদপুর মোড়ে চা খেতে গিয়েছিলেন লোকমান। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার শামীম, আইনউদ্দিন, শফিকুল ও রাসেল তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি লোকমানের বা পায়ে বিদ্ধ হয়।
সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা লোকমানের মাথা ইট দিয়ে থেঁতলে দেয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বায়েজিদ হাসান জানান, গুলিবিদ্ধ লোকমানের অবস্থা আশংকাজনক। ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাবে না।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
