চাঁপাইনবাবগঞ্জে সাত বছরের শিশুকে নিপীড়নের পর হত্যা
Advertisement
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর মোসলেমা খাতুন রিমা নামে সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় রিমার পরিবার ও এলাকাবাসী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার সকালে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজীর টোলা এলাকার একটি বাঁশবাগান থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত রিমা চরবাগডাঙ্গা ইউনিয়নের মানিক হাজীরটোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে। সে মানিক হাজীরটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ি সামনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল রিমা। এ সময় স্থানীয় আইসক্রিম বিক্রেতার সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের ৪ বছরের একটি শিশু চলে আসে। শিশুটির কান্না শুনে পরিচিত হওয়ায় খেলারত তিন সঙ্গীদের সঙ্গে ওই শিশুটির বাড়ি চাঁনভাসা এলাকায় রাখতে যায় রিমা।
এরপর সঙ্গী তিন শিশু বাড়ি ফিরে আসলেও নিখোঁজ হয় শিশু রিমা। এরপর থেকে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। একপর্যায়ে নিখোঁজ সংবাদ মাইকেও ঘোষণা করা হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও রিমার সন্ধান না পেয়ে রাতে তার বাবা সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
মঙ্গলবার সকালে স্থানীয়রা একটি বাঁশ বাগানে রিমার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর রিমাকে হত্যা করা হয়েছে। সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের পর নিশ্চিত করতে পারব।
তিনি আরও জানান, আমাদের তদন্ত চলছে, আশা করছি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হব।
