ভালুকায় মেশিনের আঘাতে অপারেটরের মৃত্যু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ১০:০৭ পিএম
ময়মনসিং
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর এলাকায় একটি টেক্সটাইল মিলের এক অপারেটর কাজ করার সময় মেশিনের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় এম্বুলেন্স এনে কোম্পানির লোকজন স্থানীয় দালালদের সহযোগিতায় গোপনে নিহতের বাড়িতে লাশ পাঠানোর চেষ্টা করলে স্থানীয়দের বাঁধার মুখে তা ব্যর্থ হয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র জানায়, কাশর এলাকায় অবস্থিত সম্পূর্ণ রফতানিমুখী প্রতিষ্ঠান হাওয়াইল টেক্সটাইল মিলের অপারেটার মিন্টু মিয়া একটি মেশিনের কাপড় পরীক্ষার জন্য টান দেন। এ সময় মাথায় মেশিনের আঘাত লেগে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত মিন্টু ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানিখোলা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। মিন্ট ওই কোম্পানিতে ১০ বছর যাবত কর্মরত ছিল।
এলাকাবাসীর আপত্তির কারণে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলেও পুলিশ একটি অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রেরণের ব্যবস্থা করেন।
স্থানীয়দের অভিযোগ মিন্টু মারা যাওয়ার পর কোম্পানির লোকজন একটি এম্বুলেন্স এনে কিছু দালালের সহযোগিতায় লাশ পরিবারের কাছে পাঠিয়ে দেয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি করে। তাই এলাকাবাসী লাঠিসোঠা নিয়ে মিল গেইটের সামনে অবস্থান নেয়। এলাকাবাসীর অভিযোগ, এর আগে আরও ৪ জন লোক কোম্পানির ভিতরে দুর্ঘটনায় নিহত হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, নিহত অপারেটারের লাশ ময়নাতদন্ত করার জন্য পাঠানো হবে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
কোম্পানির অ্যাডমিন ম্যানেজার তাফাজ্জল হোসেন এম্বুলেন্সে করে নিহতের বাড়িতে লাশ পাঠিয়ে দেয়ার কথা অস্বীকার করে বলেন, কাজ করার সময় মেশিনের সাথে আঘাত লেগে মিন্টু মারা যান।
