নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল যুবকের লাশ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৩ পিএম
নলিতাবাড়ি
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মিজানুর রহমান (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নালিতাবাড়ী উপজেলার খলাভাঙ্গা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের খলাভাঙ্গা মকবুল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিজান তার তিন বন্ধুর সঙ্গে স্থানীয় মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের বারান্দায় বসে আড্ডা দেয়। এর পর থেকে মিজানুর রহমানকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকাল ১১টার দিকে ওই বিদ্যালয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
