ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
Advertisement
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মাগুরার মহম্মদপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম এলাহী মোল্যা (৪০)। তিনি উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত হাশেম মোল্যার ছেলে।
এলাকাবাসী জানান, কুমরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন বিতর্কিত একটি গোলের কারণে দুপক্ষের সমর্থক মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাহী মোল্যা গুরুতর আহত হন।
নিহত এলাহীর ছেলে আরব আলী ও বড়ভাই আবদুল হাই মোল্যা বলেন, খেলার মাঠে এলাহী মোল্যাকে মারপিট করায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
তবে পুলিশ বলছে, এলাহী মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। তিনি মারামারিতে অথবা স্ট্রোকে মারা গেছেন বলে শোনা যাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, মরদেহের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তবে তিনি স্ট্রোক করে মারা গেছেন কিনা তাও বোঝা যায়নি।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
