নাগরিকত্ব প্রমাণের শুনানিতে হাজির হলেন শামি
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘আমি একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং বাংলার বাসিন্দা। প্রয়োজনে যদি আমাকে ১০ বার ডাকা হয়, আমি ১০ বারই হাজির হয়ে আমার নাগরিকত্বের প্রমাণ দেব’—মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোটাধিকার সংক্রান্ত এসআইআর শুনানিতে উপস্থিত হয়ে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মোহাম্মদ শামি।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ৪৬২টি উইকেট নেওয়া শামি কৈশোর বয়সে কলকাতায় আসেন। ২০০০ দশকের শুরু থেকেই তিনি যাদবপুরের কাটজুনগর এলাকায় বসবাস করছেন এবং কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের নথিভুক্ত ভোটার।
চলতি মাসের শুরুতে শামি ও তার ভাই মোহাম্মদ কাইফ নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিস পান। বাবা-মায়ের নাম আগের কোনো রাজ্যের এসআইআর তালিকার সঙ্গে মেলেনি বলে তাদের ‘আনম্যাপড ভোটার’ হিসেবে চিহ্নিত করা হয়।
সূত্রের খবর, শামির বাবা-মায়ের নাম তাদের আদি রাজ্য উত্তরপ্রদেশের ২০০৩ সালের ভোটার তালিকাতেও নেই। এছাড়া শামির এনুমারেশন ফর্মে কিছু কারিগরি অসঙ্গতিও ধরা পড়ে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ মিনিটের শুনানিতে শামি ও তার ভাই পরিচয়পত্র হিসেবে নিজেদের পাসপোর্ট জমা দেন।
মঙ্গলবার দুপুর নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে শামি এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছান। এর আগে একই কেন্দ্রে অভিনেতা ও সাংসদ দেবও শুনানিতে হাজির হয়েছিলেন।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শামি বলেন, প্রত্যেক নাগরিকেরই নিজের নাম ও ব্যক্তিগত তথ্য ঠিক রাখা দায়িত্বের মধ্যে পড়ে, আর সেই দায়িত্ব পালন করতেই তিনি শুনানিতে অংশ নিয়েছেন। তিনি সবাইকে আহ্বান জানান, যাদের ডাকা হবে, তারা যেন উপস্থিত হয়ে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করেন।
শামির দাবি, পুরো প্রক্রিয়ায় তিনি কোনো সমস্যার সম্মুখীন হননি এবং নির্বাচন দপ্তরের কর্মকর্তারা বিষয়টি দক্ষতার সঙ্গে সামলেছেন। গত ২৫ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন বলেও জানান এই পেসার। ভবিষ্যতে আবার ডাকা হলে তিনি পুনরায় হাজির হয়ে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
নতুন বছরের শুরুতেই শামিকে শুনানির নোটিস পাঠানো হয়েছিল এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হাজির হতে বলা হয়। তবে সে সময় বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলায় ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট বিএলওকে জানালে তাকে নতুন তারিখ দেওয়া হয়।
৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজে সুযোগ না পেলেও তিনি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছেন এবং আসন্ন আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামবেন।

-697081729cebe.jpg)