Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ডলার-রুপির বিপরীতে শক্তিশালী টাকা, এখন কত?

এআই দিয়ে তৈরি। ছবি: যুগান্তর

Advertisement

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে জোয়ার, বাজারে ডলারের সহজলভ্যতা আর বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বৃদ্ধি—সব মিলিয়ে চাঙ্গা হয়ে উঠেছে বাংলাদেশের টাকা। মার্কিন ডলারের বিপরীতে টাকার মান এখন বেশ শক্ত অবস্থানে। শুধু ডলারই নয়, গত এক বছর ধরে প্রতিবেশী ভারতের রুপিকে পেছনে ফেলে টাকা একটু একটু করে নিজের শক্তি বাড়িয়ে চলেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাড়ে পাঁচ বছরের মধ্যে বর্তমানে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে দেশের মুদ্রা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এক বছরে ডলারের বিপরীতে টাকার মূল্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ০ দশমিক ০৬ শতাংশ বেড়েছে। এরপর চলতি বছরের ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টাকার মূল্য আরও ০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এ সময়ে ডলারের বিনিময় হার ১২৩ টাকা ৯৫ পয়সা থেকে কমে ১২৩ টাকায় নেমে আসে। এর মধ্য দিয়ে কয়েক বছর ধরে টাকার মূল্যমান কমে যাওয়ার প্রবণতায় পরিবর্তন আরও স্পষ্ট হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বেড়ে তা ১২৩ টাকা ৯৫ পয়সায় পৌঁছায়। তবে চলতি বছরের দ্বিতীয়ার্ধে এসে সেই প্রবণতায় পরিবর্তন দেখা দিয়েছে।

এদিকে গত এক বছর ধরে ভারতীয় রুপির বিপরীতে ধীরে ধীরে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। একসময় ১০০ ভারতীয় রুপি কিনতে যেখানে প্রায় ১৪০ টাকা পর্যন্ত খরচ করতে হতো, এখন তা নেমে এসেছে প্রায় ১২৭ থেকে ১৩০ টাকার মধ্যে। ২১ সেপ্টেম্বরের হিসাবে ১ ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকা ছিল প্রায় ১ টাকা ২৭ পয়সা।

তবে এর পেছনে শুধু বাংলাদেশের টাকার শক্তিশালী হওয়া কাজ করছে না। আন্তর্জাতিক বাজারে ভারতীয় রুপির দুর্বলতাও বড় একটি কারণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি ২০২৬-এর শেষ দিকে ভারতীয় রুপি ডলারের বিপরীতে আগের অর্থবছরের জুনের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ দুর্বল হয়েছিল। একই সময়ে বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে তুলনামূলক স্থিতিশীল ছিল। ফলে দুই দেশের মুদ্রার পারস্পরিক বিনিময় হারে বাংলাদেশের টাকা সুবিধাজনক অবস্থানে এসেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম