তেলের দাম বিশ্ববাজারে ১ ডলারের বেশি কমেছে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় এ দরপতন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই ১ শতাংশের বেশি কমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় ৭টা ৪১ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে যায়। এতে তেলের দাম ৯১ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৪৯ ডলারে।
এর আগে মঙ্গলবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল তেলের দাম। তবে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং ইরান যুদ্ধের আরও বিস্তার না ঘটার প্রত্যাশা তেলের বাজারে দরপতনের অন্যতম কারণ।
নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও কমেছে।
বুধবার আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেন বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। তবে ভূখণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে। এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও দেশটির বাইরে যেতে দেওয়া হবে না।
তবে হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে বড় ধরনের দরপতনের সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির কারণে অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে ৯০ লাখ ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্ট সূত্র।

