রণবীর সিং। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বক্স অফিসের সব হিসাব পাল্টে দিয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। রণবীর সিং ও অক্ষয় খান্নার অভিনয়ে নির্মিত এই সিনেমা ইতিমধ্যে ভারতের বাজারে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার তকমা অর্জন করেছে। প্রেক্ষাগৃহে রেকর্ড গড়ার পর এবার ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। ফলে খুব শিগগিরই ঘরে বসে দেখা যাবে রণবীর সিংয়ের এই ব্লকবাস্টার।
দীর্ঘদিন সিনেমাহলে দাপটের সঙ্গে চলার পর এবার ওটিটিতে আসছে ‘ধুরন্ধর’। ভারতের বিনোদন বাণিজ্যের তথ্যভিত্তিক ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে সিনেমাটির। মুক্তির দেড় মাসের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে আসায় দর্শকদের আগ্রহ তুঙ্গে।
বলিউড সূত্র জানায়, ‘ধুরন্ধর’ ও এর সিকুয়েলের ডিজিটাল স্বত্ব মিলিয়ে নেটফ্লিক্সের সঙ্গে প্রায় ১৩০ কোটি রুপির মেগা চুক্তি করেছে প্রযোজনা সংস্থা। এটিকে রণবীর সিংয়ের ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সিনেমাটি। সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১,৩৩৯ দশমিক ৮০ কোটি রুপি। শুধু ভারতেই ৪৮ দিনে সিনেমাটি আয় করেছে প্রায় ৮৮৪ কোটি রুপি এবং গ্রস সংগ্রহ প্রায় ৯৯৫ কোটি রুপি। সানি দেওলের ‘গদর ২’ ও অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-কে পেছনে ফেলে বর্তমানে এটি ভারতের শীর্ষ হিন্দি সিনেমা।
এখানেই শেষ নয়, পরিচালক আদিত্য ধর ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সিকুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। দ্বিতীয় পর্বে রণবীর সিংয়ের চরিত্র ‘জসকিরত সিং রাঙ্গি’ কীভাবে লিয়াকতপুরীর ডন ‘হামজা আলি মাজারি’ হয়ে ওঠেন, সেই গল্প তুলে ধরা হবে। পাশাপাশি অক্ষয় খান্নার অভিনীত ‘রহমান ডাকাত’-এর অতীত রহস্যও উন্মোচিত হবে।
তবে একই দিনে মুক্তি পাচ্ছে কন্নড় তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। ফলে দুই সুপারস্টারের এই মুখোমুখি লড়াইকে বিনোদন মহল ইতিমধ্যেই আখ্যা দিয়েছে ‘ক্ল্যাশ অফ দ্য টাইটানস’ হিসেবে।
সব মিলিয়ে, ‘ধুরন্ধর’ শুধু রণবীর সিংয়ের ক্যারিয়ারে নয়, ভারতীয় সিনেমার ক্ষেত্রেও নতুন উচ্চতা ছুঁয়েছে। এখন দেখার বিষয়—৩০ জানুয়ারি নেটফ্লিক্সে এবং ১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’ সেই উন্মাদনা কতটা ধরে রাখতে পারে।

