Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রিয় অভিনেতাকে স্বর্ণখচিত আইফোন উপহার দিলেন ভক্ত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

প্রিয় অভিনেতাকে স্বর্ণখচিত আইফোন উপহার দিলেন ভক্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড তারকাদের প্রতি ভক্তদের উন্মাদনা প্রায়ই আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। প্রিয় তারকার জন্য ভক্তদের কত কিছুই না করতে দেখা যায়। এবার এমনই এক ভক্তের কাণ্ডে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত।

সম্প্রতি দুবাইয়ে সঞ্জয় দত্তের ভক্ত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কাশিফ জামির এই অভিনেতাকে একটি বিশেষ ‘গোল্ড প্লেটেড’ বা স্বর্ণখচিত আইফোন উপহার দিয়েছেন। উপহার প্রদানের সেই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল।

দুবাইয়ে অনুষ্ঠিত এই বিশেষ সাক্ষাতে কাশিফ জামির সঞ্জয় দত্তের হাতে বিলাসবহুল ফোনটি তুলে দেন। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা প্রকাশের এই অনন্য ধরনটি নেটিজেনদের নজর কেড়েছে। যদিও সঞ্জয় দত্তের জন্য এমন বিচিত্র বা দামী উপহার পাওয়ার ঘটনা এবারই প্রথম নয়।

গত বছর এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত ২০১৮ সালের একটি চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে এনেছিলেন। নিশা পাতিল নামের এক ভক্ত, যিনি গুরুতর অসুস্থ ছিলেন, মৃত্যুর আগে তার ব্যাংককে বলে গিয়েছিলেন যেন তার সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি (যার আনুমানিক মূল্য ছিল প্রায় ৭২ কোটি রুপি) সঞ্জয় দত্তের নামে করে দেওয়া হয়।

তবে সেই বিশাল সম্পত্তি গ্রহণ না করে মহানুভবতার পরিচয় দিয়েছিলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সেই সব সম্পত্তি নিশার পরিবারের কাছে ফেরত দিয়ে দিয়েছি।’

উল্লেখ্য, ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া সঞ্জয় দত্ত দীর্ঘ ক্যারিয়ারে ‘নাম’, ‘সাজান’, ‘খলনায়ক’, ‘বাস্তব’ এবং ‘মুন্না ভাই এম.বি.বি.এস’-এর মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন।

অভিনয়ে সাফল্যের পাশাপাশি তার জীবন ছিল নাটকীয়তায় ভরা। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হয়েছিল।

এদিকে আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম