Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিদেশে ৫২ হলে ‘বনলতা এক্সপ্রেস’, শুরু ৩ এপ্রিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

বিদেশে ৫২ হলে ‘বনলতা এক্সপ্রেস’, শুরু ৩ এপ্রিল

বনলতা এক্সপ্রেস। ফাইল ছবি

Advertisement

দেশে ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি হলে ছবিটি প্রদর্শিত হবে। বিশ্বের বড় সিনেমা চেইন যেমন এএমসি ও রিগ্যাল, কানাডার সিনেপ্লেক্স ও যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ড-এও থাকছে প্রদর্শনী।

পরিচালক তানিম নূর জানান, তার আগের ছবি উৎসব দেশে-বিদেশে ভালো সাড়া পেয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আশা করছেন, নতুন ছবিটিও প্রবাসী দর্শকদের ভালো লাগবে। তিনি পরিবারসহ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান শক্ত করতে ধারাবাহিকভাবে মানসম্পন্ন সিনেমা মুক্তি জরুরি। তার মতে, ‘উৎসব’-এর ধারাবাহিকতায় ‘বনলতা এক্সপ্রেস’ আরও বড় পরিসরে মুক্তি পাচ্ছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১ মার্চ দেশে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে এবং বক্স অফিসেও ভালো করছে। কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ সিনেমাটি মূলত একটি ভ্রমণনির্ভর ড্রামা, যেখানে ট্রেনযাত্রাকে ঘিরে নানা চরিত্র ও সম্পর্কের গল্প উঠে এসেছে।

ছবির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী। প্রযোজনায় রয়েছে বুড়িগঙ্গা টকিজ এবং সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস।

প্রথম সপ্তাহে ছবিটি কানাডার টরন্টো ও ভ্যানকুভার, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ডালাস, হিউস্টন, ওয়াশিংটন ডিসি এবং যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম