‘কনট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মৌসুমী-ওমর সানীর আপত্তি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্তকে ঘিরে জটিলতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মৌসুমী অভিনীত ‘কনট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
ছবিটি মুক্তির আগেই বিতর্কিত। এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মৌসুমী ও তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী।
রোববার দুপুরে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওমর সানী দাবি করেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ আসলে সিনেমা নয়, এটি একটি নাটক হিসেবে শুটিং করা হয়েছিল।
একই ভিডিওতে ভয়েস ওভারে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমীও। তিনি বলেন, ‘কনট্রাক্ট ম্যারেজ’ একটা এক ঘণ্টার নাটক ছিল, আমেরিকাতে এটার শুটিং হয়। আমি যেহেতু এখানে আছি তাই হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর কাজটি করতে রাজি হই। দুই দিন শুটিং করার পর সে জানায় আরেক দিন শুটিং করতে হবে, সেটাও করে দিলাম।
এরপর সে আমাকে জানায় যে এটার ফুটেজ বেশি হয়েছে তাই এটাকে টেলিফিল্ম হিসেবে মুক্তি দিতে চায়। তাই আমাকে আরেক দিন শুটিং করে দিতে বলে। তখন আমি তাকে জানাই যে তাহলে আমাকে টেলিফিল্ম হিসেবে পারিশ্রমিক দিতে হবে। সে বলে যে ঠিক আছে। এখন দেখি যে এটা সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে।
এরপর ওমর সানী জানান, বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। ইতিমধ্যে সমিতিগুলোতে চিঠি দিয়েছেন।
আগামী ১৫ মে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


