Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঘটনার পরদিনই সালমান খানের কাছে ক্ষমা চাইলেন ফটো সাংবাদিকরা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:০০ পিএম

ঘটনার পরদিনই সালমান খানের কাছে ক্ষমা চাইলেন ফটো সাংবাদিকরা

সালমান খান। ছবি: সংগৃহীত

Advertisement

সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে অযাচিত প্রশ্নের মুখে পড়ে ফটো সাংবাদিকদের ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে ঘটনার ঠিক একদিন পরেই সেই ক্ষোভ ভুলে পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন ‘ভাইজান’।

মঙ্গলবার (১৯ মে) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ফটো সাংবাদিকদের অনাকাঙ্ক্ষিত আচরণের পর বুধবার (২০ মে) রাতে এক অনুষ্ঠানে ফের সালমানের মুখোমুখি হন তারা। সেখানে আলোকচিত্রীরা সম্মিলিতভাবে সালমানের কাছে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

মঙ্গলবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ঘনিষ্ঠ একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সালমান খান। তিনি হাসপাতাল থেকে বের হওয়া মাত্রই ফটো সাংবাদিকরা তার নাম ধরে চিৎকার করতে থাকেন এবং তার আগামী সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। হাসপাতালে এই ধরনের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় চরম বিরক্ত হন সালমান। 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একের পর এক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটি পোস্টে এই অভিনেতা লেখেন, ‘তারা যদি আমার ক্ষতি বা দুঃখকে পুঁজি করে টাকা কামাতে চায়... তবে চুপ থাকুন। আনন্দ উদযাপন করবেন না। ভাই ভাই ভাই করে ‘মাতৃভূমি’ সিনেমার বারোটা বাজাচ্ছেন! সিনেমা বেশি গুরুত্বপূর্ণ নাকি জীবন?’ 

আরেকটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘এমন শত ক্যামেরা আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। ভাইয়ের কষ্টের দিনে এরপর থেকে আমার সঙ্গে এমন করার চেষ্টা করে দেখো... শুধু একবার চেষ্টা করেই দেখো। তোমাদের কেউ যখন হাসপাতালে থাকবে, আমি কি তখন এমন আচরণ করব?’ 

নিজের লড়াকু মানসিকতার কথা মনে করিয়ে দিয়ে চিরাচরিত ‘ভাইজান’ সুলভ ভঙ্গিতে তিনি আরও যোগ করেন, ‘ষাট বছর বয়স হয়েছে, কিন্তু লড়াই করা ভুলে যাইনি—এটা মনে রেখো। জেলে পুরবে? হা হা হা...’ 

এই ঘটনার ঠিক পরদিনই (বুধবার রাতে) মারাঠি সিনেমা ‘রাজা শিবাজী’-র সফলতার উদযাপন অনুষ্ঠানে যোগ দেন সালমান। এই ছবিতে তিনি একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অনুষ্ঠানস্থলের বাইরে সালমানের গাড়ি এসে থামতেই সেখানে উপস্থিত ফটো সাংবাদিকরা সমস্বরে চেঁচিয়ে বলতে থাকেন, ‘কালকের জন্য দুঃখিত, ভাই।’ কেউ কেউ আবার বলেন, ‘লাভ ইউ, ভাই।’

পাপারাজ্জিদের এমন প্রতিক্রিয়া দেখে স্বভাবসুলভ ভঙ্গিতে সালমান বলেন, ‘এই জায়গাটা ঠিক আছে’। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গার তুলনায় সিনেমার অনুষ্ঠান যে এই ধরনের প্রশ্ন বা ছবি তোলার জন্য উপযুক্ত স্থান, তিনি মূলত সেটিই বুঝিয়েছেন। 

সেখানেই শেষ নয়, ‘রাজা শিবাজী’ সিনেমার প্রধান অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখকে পাশে নিয়ে সালমান রসিকতা করে পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘আরও জোরে বলো—সরি’। সালমানের এমন কাণ্ড দেখে পাশে থাকা রিতেশও হাসিতে ফেটে পড়েন। 

সূত্র: এনডিটিভি  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম