Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন তা টের পাচ্ছি: অমি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৪২ এএম

কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন তা টের পাচ্ছি: অমি

কাজল আরেফিন অমি। ছবি: ফেসবুক থেকে

Advertisement

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি। মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে জানান, গলায় সিস্ট ধরা পড়ার কারণে কথা বলতে পারছেন না তিনি। এমতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই নির্মাতা। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন অমি। 

রোববার (১৪ জুন) দেওয়া ওই পোস্টে শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখনো আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। আর ৩ দিন পর পরিস্থিতিটা আরও স্পষ্টভাবে বুঝতে পারব।’ 

আবারও কাজে ফিরতে চান জানিয়ে অমি লেখেন, ‘কথা বলতে না পেরে বেঁচে থাকাটা কতটা কঠিন এবং শ্বাসরুদ্ধকর, তা এখন আমি টের পাচ্ছি। আমার দ্রুত আরোগ্যের জন্য দয়া করে সবাই দোয়া করবেন। আমি আবারও কথা বলতে চাই। জোরে কথা বলতে চাই। আবারও ‘অ্যাকশন’ বলতে চাই।’ 

আরও পড়ুন
আই লাভ ইউ টু: প্রভা

অসুস্থতার এই দিনগুলোতে নিজের সন্তানের সঙ্গেও কথা বলতে পারছেন না জানিয়ে তিনি আরও লেখেন, ‘সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারছি না। আমি তাকে আবারও ‘পাপা’ বলে ডাকতে চাই। সবাইকে অনেক ভালোবাসা। আপনাদের দোয়ায় আমাকে রাখবেন।’ 

উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করে ব্যাপক পরিচিতি পান কাজল আরেফিন অমি। বর্তমানে নাটকটির পঞ্চম সিজন চলছে। জনপ্রিয় এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল প্রমুখ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম