Logo
Logo
×
   

বিনোদন

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন জিৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:৪৭ পিএম

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ পিছিয়ে যাওয়া প্রসঙ্গে যা বললেন জিৎ

টালিউডের সুপারস্টার জিৎ। ছবি: সংগৃহীত

টালিউডের সুপারস্টার জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি আগামী শুক্রবার (১৪ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এ সিনেমাটি মুক্তির অপেক্ষায় বাঙালি সিনেপ্রেমীরা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন— একই দিন মুক্তি পাওয়ার কথা ছিল দেবের 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। কিন্তু সিনেমাটি মুক্তির তারিখ পিছিয়ে গেল? সব ঠিক থাকলে বাংলার বক্স অফিসে দেখা যেত জোরদার টক্কর। 

কিন্তু তা আর হলো না। দেবের ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’ সিনেমাটি শেষ মুহূর্তে এসে আচমকাই পিছিয়ে দেওয়া হলো। এরপর অনেকেরই ধারণা হয়েছিল, বক্স অফিসে ক্ল্যাশ এড়াতেই হয়তো দেব ও জিতের এ নিয়ে যৌথ সিদ্ধান্ত। তবে এবার সেই দায় নিজের ঘাড় থেকে ঝেরে ফেললেন জিৎ। এ নিয়ে মুখ খুললেন অভিনেতা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র পিছিয়ে যাওয়া নিয়ে জিৎ বললেন, কেন দেবের মুভিটা শিফট হলো, তা হয়তো দেব জানে বা দেব আর নন্দী মুভিজের মধ্যে কথা হয়েছে। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। 

তিনি বলেন, আমার সঙ্গে দেবের বা কারও কোনো কথাও হয়নি। কীভাবে বা কেন এটা পিছিয়ে গেল— এ নিয়ে আমার কাছে অন্তত কোনো জবাব নেই। আমি এটার কোনো ভাগ ছিলাম না।

দেব ও জিৎ— এ দুই তারকাই তাদের পেশাদারত্বের জন্য পরিচিত টালিপাড়ায়। হামেশাই সামাজিক মাধ্যমে বাকবিতণ্ডায় জড়ান দেব ও জিতের ভক্তরা। এমনকি দুই অভিনেতার একাধিক বক্তব্য থেকে জানা যায়, রুপালি পর্দায় বা বক্স অফিসে তাদের মধ্যে তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতা থাকলেও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা কিংবা তিক্ততা নেই— না আছে গলাগলি বন্ধুত্বও।

উল্লেখ্য, ২০১০ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে ভালো চিত্রনাট্য এলে যে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে প্রস্তুত, তাও জানিয়েছেন তারা।

এর আগে জুলাই মাসের শুরুতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছিলেন দেব। সেই পোস্টে অভিনেতা লিখেছিলেন— সব যাত্রার একটা নিজস্ব সঠিক সময় থাকে। বাইক অ্য়াম্বুলেন্স দাদা যাতে আপনাদের কাছে একদম সঠিকভাবে পৌঁছাতে পারে, তাই আমরা এর মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। 

সঙ্গে আশ্বাস দেওয়া হয় যে, খুব জলদিই নিয়ে আসা হবে ছবিটি বড়পর্দায়। তিনি বলেন, আমি জানি, আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর আপনাদের এই ভালোবাসা, ধৈর্য ও বিশ্বাসের জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আপনাদের এ অপেক্ষা বৃথা যাবে না। ততদিন  (বাইক অ্য়াম্বুলেন্স দাদা) আপনাদের হৃদয়ে থাক।



Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .