Logo
Logo
×
   

বিনোদন

‘শাবনূর-সালমানের বিয়ে’ প্রসঙ্গে যা বলেছিলেন অভিনেতার বাবা কমরউদ্দিন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

‘শাবনূর-সালমানের বিয়ে’ প্রসঙ্গে যা বলেছিলেন অভিনেতার বাবা কমরউদ্দিন

ছবি: সংগৃহীত

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূর ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। রুপালি পর্দায় তাদের রসায়ন সিনেমাপ্রেমী দর্শকদের কাছে যেমন প্রশংসিত ছিল, ঠিক তেমনি বাস্তবজীবনেও তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়েছিল নানা গুঞ্জন। এমনকি ‘শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ’ বলেও এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

সেই গুঞ্জনের মধ্যেই ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সালমান শাহ। সেই সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন এ ক্ষণজন্মা অভিনেতা। পাশে ছিলেন তার বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল। ‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’— এমন একটি মন্তব্য কেন্দ্র করেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে ওই সময়ে গণমাধ্যমে সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে শাবনূরকে নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান পরিষ্কার করতেই সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সালমান শাহ। সেখানেই শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন নিয়ে কথা বলেন এ অভিনেতা। 

কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তার ও শাবনূরের বিয়ের গুজব ছড়ানো হচ্ছে বলে জানান সালমান শাহ। তবে এ বিষয়টি পুরোপুরি অস্বীকার করে তিনি বলেন, শাবনূরকে তিনি ছোটবোনের মতো জানেন এবং স্নেহ করেন। একই সঙ্গে নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করে— তিনি বিবাহিত।

সেদিন শাবনূরকে বিয়ে করার গুঞ্জন ও খবর সম্পূর্ণ অস্বীকার করে সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী বলেছিলেন, 'আমি আমার ছেলেকে চিনি। শাবনূরকেও আমি চিনি। সালমান এমন কিছু কখনোই করতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে।'

শাবনূরকে নিয়ে গুঞ্জন ছড়ানো প্রসঙ্গে কমরউদ্দিন চৌধুরী বলেন, তিনি তার সন্তানকে জানেন এবং সালমান এমন কোনো কাজ করতে পারেন না। তার ধারণা ছিল, কেউ হয়তো সালমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম