মিথিলার সঙ্গে কি বিচ্ছেদ? সৃজিতের কথায় নতুন জল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা—তাদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। বিয়ের পর থেকেই দুজনের দূরত্ব ও আলাদা থাকা নিয়ে একাধিকবার উঠেছে বিচ্ছেদের গুঞ্জন। এবার সরাসরি মিথিলার নাম না নিলেও নিজের জীবনে স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়ে সেই জল্পনাতেই যেন নতুন মাত্রা যোগ করলেন সৃজিত।
সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হন সৃজিত। সেখানে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই নির্মাতা।
সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন। তার এই মন্তব্যের পরই নতুন করে চর্চা শুরু হয়েছে মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে।
সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে বিয়ের পর তাদের খুব একটা গুছিয়ে সংসার করতে দেখা যায়নি। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে তাদের বিচ্ছেদের গুঞ্জনও সামনে এসেছে। যদিও দুজনের কেউই প্রকাশ্যে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেননি।
এবার সরাসরি মিথিলার প্রসঙ্গ না এলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সত্যিই তাদের দাম্পত্যে ইতি ঘটেছে? নাকি এটি শুধুই নির্মাতার ব্যক্তিগত অনুভূতির প্রকাশ—সেই উত্তর অবশ্য এখনো স্পষ্ট নয়।
সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অভিজ্ঞতা প্রসঙ্গে সৃজিত আরও বলেন, আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।
তার এই বক্তব্যের পরও মিথিলার সঙ্গে তার বর্তমান সম্পর্কের অবস্থান নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে সৃজিতের কথায় বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে কি না, নাকি তিনি কেবল অতীত সম্পর্কের কথাই বলেছেন—এ নিয়ে চলছে নতুন করে জল্পনা।

