গল্প পড়ে মুগ্ধ সৃজিত, এবার পর্দায় আসছে ‘শাঁখচুন্নি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অর্ণব রায়ের লেখা ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনে নিল পরিচালক সৃজিত মুখার্জির প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশনস’। ‘শাঁখচুন্নি’ ঠিক কীভাবে পর্দায় ভয়, মনস্তত্ত্ব আর বাংলার আবহকে মেলাবে, আপাতত কৌতূহল সেখানেই।
সাইকোলজিক্যাল থ্রিলারটি খুব শিগগির ছবি কিংবা সিরিজ আকারে পর্দায় আনার পরিকল্পনা করছেন পরিচালক। এতদিনের ইচ্ছা, থমকে যাওয়া পুরোনো পরিকল্পনা আর একটি পছন্দের গল্প— সব মিলিয়ে এবার টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও অর্ণব জুটির নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
কিছু গল্প পড়ে শুধু ভালো লাগে না, মাথার ভেতর থেকে বেরোতেও চায় না। অর্ণব রায়ের ‘শাঁখচুন্নি’ ঠিক তেমনই একটি গল্প— অন্তত পরিচালক সৃজিত মুখার্জির ক্ষেত্রে।
২০২৪ সালে গল্পটি পড়েছিলেন পরিচালক। তারপর কেটে গেছে দুই বছর। এতদিনে গল্পটি নিয়ে বহুজনের সঙ্গে কথা বলেছেন তিনি। আগ্রহও দেখিয়েছিলেন তারা। কিন্তু গল্পের স্বত্ব তখন অন্য একটি সংস্থার হাতে। মেয়াদ ফুরোতেই আর দেরি করলেন না নির্মাতা। নিজের প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশন’-এর মাধ্যমে কিনে নিয়েছেন ‘শাঁখচুন্নি’র স্বত্ব। এ কথা নিজেই জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি।
অর্ণবের লেখার সঙ্গে সৃজিতের এই যোগাযোগ অবশ্য একেবারে নতুন নয়; এর আগে ‘মহাভারত মার্ডার্স’ নিয়ে কাজ করার কথা ছিল তাদের। নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরে অর্ণবের ‘যাত্রিক’ নিয়েও কাজ করার ইচ্ছা ছিল পরিচালকের। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত পর্দায় আসেনি। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘শাঁখচুন্নি’ নিয়ে বেশ স্পষ্ট পরিকল্পনাই রয়েছে পরিচালকের। যদিও গল্পটি ছবি হবে না কি সিরিজ— তা এখনো চূড়ান্ত নয়।
লেখকও বেশ উচ্ছ্বসিত এই কাজ নিয়ে। অর্ণব রায় বলেন, সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা তারও ছিল বহুদিনের। ‘মহাভারত মার্ডার্স’-এর সময় কাজটা শেষ পর্যন্ত না হওয়ায় আক্ষেপ ছিল।
এবার ‘শাঁখচুন্নি’ সেই সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে গল্পের মধ্যে বাংলার নিজস্ব ছোঁয়াটাই অর্ণবের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সেই আবহ এবং গল্পকে পর্দায় তুলে ধরার জন্য সৃজিতের চেয়ে উপযুক্ত পরিচালক আর কেউ হতে পারেন না।

