Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যাটরিনার শরীর নিয়ে সমালোচনা, আলি জাফরের প্রতিবাদ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

ক্যাটরিনার শরীর নিয়ে সমালোচনা, আলি জাফরের প্রতিবাদ

Advertisement

সন্তান জন্মের পর নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক শারীরিক পরিবর্তন নিয়েই এবার অনলাইনে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আম্বানি পরিবারের গণপতি উৎসবে সন্তান জন্মের পর প্রথমবার প্রকাশ্যে আসার পর তার ওজন ও চেহারার পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা ধরনের নেতিবাচক মন্তব্য ও ট্রল।

ক্যাটরিনাকে নিয়ে এমন সমালোচনার প্রতিবাদ করেছেন তার ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমার সহশিল্পী পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলি জাফর।

সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের সবার নিজেদের দিকে তাকানো উচিত। পুরুষ হিসেবে সমাজ আমাদের যে সুযোগ-সুবিধা আর ভুয়া সৌন্দর্যের মানদণ্ড তৈরি করার অধিকার দিয়েছে, তা দিয়ে কোনো নারীকে বিচার করা সম্পূর্ণ অন্যায়। ক্যাটরিনা তার জীবন কীভাবে বাঁচবেন বা সন্তান প্রসবের পর তার শরীর কেমন হবে—তা ঠিক করার অধিকার কারও নেই।’

নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই আরোপিত কৃত্রিম সৌন্দর্যের ধারণার সমালোচনা করেন আলি। তিনি বলেন, ‘একসময় রেনেসাঁ যুগে নারীদেহের সৌন্দর্য প্রকাশের ধরণ ভিন্ন ছিল। এরপর এলো জিরো ফিগারের ভূত। এমনকি পুরুষের ক্ষেত্রেও সিক্স-প্যাক অ্যাবসের অবাস্তব প্রত্যাশা জুড়ে দেওয়া হয়, যা একেবারেই স্বাস্থ্যকর নয়। প্রতিটি মানুষের নিজস্ব সংগ্রাম রয়েছে। তাই কারও লুক নিয়ে সমালোচনা না করে আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত।’

পুরুষদের উদ্দেশে আলি জাফর আরও বলেন, ‘সব নারীর একটি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আছে। দয়া করে তাকে তার মতো বাঁচতে দিন, আর আপনারা নিজেদের জীবন নিয়ে থাকুন।’

গত বছরের নভেম্বরে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে জন্ম নেয় তাদের পুত্রসন্তান বিহান। সন্তান জন্মের পর কিছুদিন জনসম্মুখ থেকে দূরে ছিলেন ক্যাটরিনা। সম্প্রতি গণেশ চতুর্থীর আয়োজনে স্বামী ভিকির সঙ্গে প্রকাশ্যে দেখা যায় তাকে।

এর পরই সামাজিক মাধ্যমে ক্যাটরিনার গর্ভাবস্থার আগের ও পরের ছবি পাশাপাশি দিয়ে শুরু হয় নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য। তবে অভিনেত্রীর পাশে দাঁড়ানো আলি জাফরই প্রথম নন। এর আগে অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও সমালোচনার জবাব দিয়ে বলেছিলেন, ‘কী হয়ে গেছে মানে? ভাই, সন্তান জন্ম দিলে শরীরে তো এমন পরিবর্তন আসবেই—এটাই তো মাতৃত্ব।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেরে ব্রাদার কি দুলহান’ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও আলি জাফরের জুটি দর্শকদের প্রশংসা পেয়েছিল। পরবর্তী সময়ে উরি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজের সুযোগ সীমিত হয়ে গেলেও, পুরনো সহশিল্পীর পাশে আলি জাফরের এমন অবস্থান নতুন করে আলোচনায় এসেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম