আর কখনো যেন শরীরে ক্যানসার বাসা বাঁধতে না পারে: সামিয়া
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
সামিয়া আফরিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল-অভিনেত্রী সামিয়া আফরিন প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে আসছেন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়, যা পরবর্তী সময়ে ফুসফুস ও লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছিল (স্টেজ ৪)। সেই সময় সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। চলতি বছর তার শরীরে আবার নতুন করে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার ধরা পড়ে। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে অভিনেত্রী কেমোথেরাপি নিচ্ছেন।
এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন সামিয়া আফরিন। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন সামিয়া আফরিন।
শনিবার (৩ অক্টোবর) রাতে হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি যুক্ত করে নিজের শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সামিয়া আফরিন। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। সেখান থেকেই পোস্টে অভিনেত্রী বলেন, 'আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা— আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’
ক্যানসার সচেতনতার মাস অক্টোবর উল্লেখ করে এ উপস্থাপিকা বলেন, ‘নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেকআপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।’ নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাই আসল ভালোবাসা বলে মনে করেন সামিয়া আফরিন।
অভিনেত্রীর সামাজিক মাধ্যমে এই পোস্টের পর তার জন্য প্রার্থনা করছেন ভক্ত-অনুরাগীসহ বিনোদন জগতের তারকারা। তার পোস্টের মন্তব্যের ঘরে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রী মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ আরও অনেকেই।

