সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে যেসব ক্যানসার শনাক্তের গুরুত্বপূর্ণ পরীক্ষা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: এআই জেনারেটেড/ সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সুস্থ থাকতে প্রতিবছর পুরো শরীরের স্বাস্থ্য পরীক্ষা বা ফুল বডি চেকআপ করান অনেকে। এসব পরীক্ষায় রক্তে শর্করা, কোলেস্টেরল, কিডনি ও যকৃতের কার্যকারিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকের তথ্য পাওয়া যায়। তবে শুধু সাধারণ স্বাস্থ্য পরীক্ষার ওপর নির্ভর করলে ক্যানসার শনাক্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ পড়ে যেতে পারে।
সাধারণ স্বাস্থ্য পরীক্ষায় সাধারণত রক্ত, প্রস্রাব ও মল পরীক্ষা কিংবা পেটের আলট্রাসনোগ্রাফি করা হয়। এসব পরীক্ষা মূলত বিপাকীয় স্বাস্থ্য ও বিভিন্ন অঙ্গের কার্যকারিতা পর্যবেক্ষণে সহায়তা করে। কিন্তু নির্দিষ্ট ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য প্রয়োজন বয়স, লিঙ্গ ও ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ পরীক্ষা।
ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নারী-পুরুষের জন্য প্রয়োজনীয় কয়েকটি ক্যানসার শনাক্তের পরীক্ষার তালিকা তুলে ধরেছেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘আপনার ফুল বডি চেকআপে সম্ভবত এসব পরীক্ষা থাকে না। বয়স অনুযায়ী যে ক্যানসার শনাক্তের পরীক্ষাগুলো আপনার প্রয়োজন।’
নারীদের জন্য জরুরি পরীক্ষা
১. ৪০ বছর বা তার বেশি বয়সি নারীদের স্তন পরীক্ষা
চিকিৎসক অর্জুন শঙ্করনের পরামর্শ, ৪০ বছর বা তার বেশি বয়সি নারীদের প্রতি এক থেকে দুই বছর অন্তর ম্যামোগ্রাফি করা উচিত। পরিবারে স্তন ক্যানসারের ইতিহাস থাকলে ব্যক্তিগত ঝুঁকি বিবেচনায় কখন এবং কত ঘন ঘন পরীক্ষা করাতে হবে, তা চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
২. ২০ বছর বা তার বেশি বয়সি নারীদের জরায়ুমুখের ক্যানসার পরীক্ষা
জরায়ুমুখের ক্যানসার শনাক্তে ২০ বছর বয়স থেকে প্যাপ স্মিয়ার পরীক্ষা শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি। এ পরীক্ষা প্রতি তিন বছর অন্তর করা যেতে পারে। ৩০ বছর বয়সের পর আরও বিস্তারিত মূল্যায়নের জন্য প্যাপ স্মিয়ারের সঙ্গে এইচপিভি পরীক্ষাও যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে দুই পরীক্ষা একসঙ্গে প্রতি পাঁচ বছর অন্তর করার কথা বলা হয়েছে।
এসব পরীক্ষার মাধ্যমে ক্যানসার হওয়ার আগের কোষের পরিবর্তন এবং উচ্চঝুঁকির হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) সংক্রমণ শনাক্ত করা যায়। এইচপিভি টিকা নেওয়ার পরও জরায়ুমুখের ক্যানসার শনাক্তের পরীক্ষা গুরুত্বপূর্ণ।
৩. ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত
ডিম্বাশয়ের ক্যানসার শনাক্তের জন্য নির্দিষ্ট কোনো নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা নেই। তবে দীর্ঘদিন পেট ফাঁপা থাকা, হঠাৎ ক্ষুধার পরিবর্তন, পেটে ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হওয়ার মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে। এসব লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
পুরুষ ও নারী উভয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা
৪. ৫০ বছর বা তার বেশি বয়সি ধূমপায়ীদের ফুসফুস পরীক্ষা
ফুসফুসের ক্যানসার শনাক্তে ৫০ বছর বা তার বেশি বয়সি ধূমপায়ীদের প্রতিবছর কম মাত্রার সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তবে পরীক্ষা করানোর আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।
৫. ৫০ বছর বা তার বেশি বয়সি পুরুষদের প্রোস্টেট পরীক্ষা
প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি মূল্যায়নে ৫০ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছর অন্তর পিএসএ (প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন) পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত স্বাস্থ্য পরিস্থিতি, পারিবারিক ইতিহাস ও ঝুঁকির ওপর ভিত্তি করে পরীক্ষার সময়সূচি ভিন্ন হতে পারে। তাই এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত।
৬. ৪৫ বছর বা তার বেশি বয়সিদের অন্ত্রের ক্যানসার পরীক্ষা
চিকিৎসক শঙ্করনের মতে, ৪৫ বছর বয়স থেকে বৃহদান্ত্র ও মলাশয়ের ক্যানসার শনাক্তের পরীক্ষা শুরু করা উচিত। এ জন্য প্রতিবছর মলের গোপন রক্ত পরীক্ষা করা যেতে পারে। পরীক্ষায় অস্বাভাবিক ফল পাওয়া গেলে বা পরিবারে এ ধরনের ক্যানসারের ইতিহাস থাকলে কোলনোস্কোপি করার প্রয়োজন হতে পারে।
৭. তামাক ব্যবহারকারীদের মুখ ও গলার পরীক্ষা
ধূমপান ও চিবিয়ে খাওয়ার তামাক মুখ ও গলার ক্যানসারের অন্যতম ঝুঁকির কারণ। মুখে কোনো ঘা দুই সপ্তাহের বেশি সময়েও না শুকালে, সাদা বা লাল দাগ দেখা দিলে, অস্বাভাবিক চাকা তৈরি হলে কিংবা খাবার গিলতে অসুবিধা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
টিউমার মার্কার পরীক্ষা নিয়ে সতর্কতা
চিকিৎসক শঙ্করন সতর্ক করে বলেছেন, টিউমার মার্কার পরীক্ষা ক্যানসার শনাক্তের চূড়ান্ত পরীক্ষা নয়। এ পরীক্ষায় ভুলভাবে ক্যানসারের ইঙ্গিত পাওয়া গেলে অপ্রয়োজনীয় উদ্বেগ তৈরি হতে পারে। তাই চিকিৎসকের নির্দিষ্ট পরামর্শ ছাড়া এ ধরনের পরীক্ষা করানো উচিত নয়।
বিশেষজ্ঞদের মতে, এসব পরীক্ষা ক্যানসার বা অস্বাভাবিকতা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সহায়তা করতে পারে। তবে কার কখন পরীক্ষা শুরু করা প্রয়োজন এবং কত ঘন ঘন করাতে হবে, তা পারিবারিক ইতিহাস, বংশগত বৈশিষ্ট্য ও ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির ওপর নির্ভর করে। তাই নিজের বয়স ও ঝুঁকি অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নির্ধারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: এনডিটিভি
