Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অন্যের হাই তোলা দেখলে আপনারও হাই আসে? জানুন কারণ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

অন্যের হাই তোলা দেখলে আপনারও হাই আসে? জানুন কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

কেউ হাই তুলছেন, আর তা দেখে নিজেরও হাই চলে এল—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে। শুধু দেখাই নয়, কারও হাই তোলার শব্দ শুনলেও কিংবা বিষয়টি নিয়ে চিন্তা করলেও অনেক সময় নিজের অজান্তেই হাই ওঠে। আবার হাই তোলার সময় অনেকের চোখ দিয়ে পানি ঝরে।

এই দুটি ঘটনার পেছনেই রয়েছে মানুষের মস্তিষ্ক ও শরীরের কিছু স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিষয়গুলো নিয়ে বিজ্ঞানীদের গবেষণা এখনো চলছে। চলুন জেনে নেওয়া যাক-

হাই তুললে চোখে পানি আসে কেন?

হাই তোলার সময় চোখে পানি জমার নির্দিষ্ট কোনো একক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এর পেছনে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। এর মধ্যে একটি হলো মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণ। ২০১৩ সালের একটি গবেষণায় উঠে আসে, হাই তোলার মাধ্যমে মস্তিষ্ককে ঠান্ডা রাখার একটি প্রক্রিয়া কাজ করতে পারে। এ সময় চোখ দিয়ে পানি বের হওয়ার ঘটনাও মাথার ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে গবেষকদের ধারণা।

আরেকটি সম্ভাব্য কারণ হলো মুখের পেশির সংকোচন। হাই তোলার সময় মুখ ও চোখের চারপাশের পেশিগুলো প্রসারিত এবং সংকুচিত হয়। এতে অশ্রুগ্রন্থির ওপর চাপ তৈরি হতে পারে। ফলে চোখ থেকে অজান্তেই পানি বেরিয়ে আসে। যাদের চোখে স্বাভাবিকভাবেই পানি আসার প্রবণতা বেশি, তাদের ক্ষেত্রে এটি আরও স্পষ্ট হতে পারে।

এছাড়া ড্রাই আই সিনড্রোম বা চোখের শুষ্কতার সমস্যাও এর জন্য দায়ী হতে পারে। চোখে প্রয়োজনীয় আর্দ্রতা না থাকলে চোখ নিজেকে সুরক্ষিত রাখতে অতিরিক্ত অশ্রু তৈরি করতে পারে। এ কারণে হাই তোলার মতো সাধারণ কাজের সময়ও চোখ দিয়ে পানি পড়তে পারে।

শুধু শারীরিক কারণ নয়, পরিবেশের প্রভাবেও চোখে পানি আসতে পারে। ঠান্ডা বা শুষ্ক আবহাওয়া, ফ্যান কিংবা এসির সরাসরি বাতাস, ধুলাবালি, সুগন্ধি ও অ্যালার্জির কারণে চোখে অস্বস্তি তৈরি হতে পারে। পাশাপাশি কনজাংটিভাইটিস, অঞ্জনি কিংবা কর্নিয়ায় সামান্য আঁচড় লাগলেও চোখ দিয়ে পানি পড়ার প্রবণতা বাড়তে পারে।

তবে প্রত্যেকের হাই তোলার সময় চোখে পানি আসে না। একই ব্যক্তির ক্ষেত্রেও প্রতিবার এমনটি নাও ঘটতে পারে। চোখের অশ্রু তৈরির স্বাভাবিক ক্ষমতা, শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশের ওপর বিষয়টি নির্ভর করে। এ নিয়ে পর্যাপ্ত গবেষণা না থাকায় কত শতাংশ মানুষের এমন অভিজ্ঞতা হয়, সেটিও নিশ্চিতভাবে বলা কঠিন।

সাধারণত হাই তোলার সময় সামান্য পানি আসা উদ্বেগের কারণ নয়। কিন্তু হঠাৎ চোখ দিয়ে আগের তুলনায় অনেক বেশি পানি পড়লে কিংবা বিষয়টি অস্বস্তির কারণ হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে চোখে জ্বালাপোড়া বা খচখচানি থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। চোখের অ্যালার্জি, সংক্রমণ, ড্রাই আই, ব্লেফারাইটিস কিংবা অপরিষ্কার বা ক্ষতিগ্রস্ত কন্টাক্ট লেন্স ব্যবহারের কারণে এমন সমস্যা দেখা দিতে পারে। কয়েক দিন ধরে জ্বালাপোড়া চলতে থাকলে বা অন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।

একজনের হাই অন্যজনের মধ্যে ছড়ায় কীভাবে?

হাই তোলার আরেকটি মজার বৈশিষ্ট্য হলো এর সংক্রামক প্রবণতা। অর্থাৎ, একজনকে হাই তুলতে দেখলে অন্যজনেরও হাই ওঠার সম্ভাবনা তৈরি হয়। শুধু চোখের সামনে দেখা নয়, হাই তোলার শব্দ শোনা কিংবা এ নিয়ে চিন্তা করলেও এমনটা হতে পারে।

গবেষণায় দেখা গেছে, এই প্রবণতার সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক ও সহমর্মিতার যোগসূত্র রয়েছে। সাধারণত অপরিচিত ব্যক্তির তুলনায় কাছের মানুষ বা পরিচিত কাউকে হাই তুলতে দেখলে নিজেরও হাই ওঠার প্রবণতা বেশি দেখা যায়।

২০১৩ সালের একটি গবেষণায় ৩ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মধ্যে সংক্রামক হাই তোলার প্রবণতা পর্যবেক্ষণ করা হয়েছিল। সেখানে দেখা যায়, মাত্র তিন বছর বয়সি শিশুদের মধ্যেও অন্যের চোখের দিকে তাকানোর পর হাই তোলার প্রবণতা রয়েছে।

হাই তোলা ও চোখে পানি আসা কমানোর উপায়

হাই তোলার সময় চোখে পানি আসা সরাসরি বন্ধ করার নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তবে চোখের শুষ্কতা বা অ্যালার্জির মতো সমস্যা থাকলে সেগুলোর যথাযথ চিকিৎসা করালে উপকার পাওয়া যেতে পারে।

অন্যদিকে, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা এবং অলসতা বা একঘেয়েমি কাটাতে কিছুক্ষণ হাঁটাচলা করলে ঘন ঘন হাই তোলার প্রবণতা কমতে পারে। তবে চোখে অতিরিক্ত পানি পড়া, জ্বালাপোড়া কিংবা অন্য কোনো অস্বস্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অন্যের হাই তোলা দেখলে আপনারও হাই আসে? জানুন কারণ

অন্যের হাই তোলা দেখলে আপনারও হাই আসে? জানুন কারণ

প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

প্রাক্তনের উপহার রেখে দেওয়া কি উচিত, নতুন সঙ্গী বিষয়টি কিভাবে দেখেন?

তরুণদেরও হতে পারে স্ট্রোক, এই লক্ষণগুলো অবহেলা করবেন না

তরুণদেরও হতে পারে স্ট্রোক, এই লক্ষণগুলো অবহেলা করবেন না

কাশি-জ্বর অবহেলা করছেন? নিউমোনিয়া হয়নি তো

কাশি-জ্বর অবহেলা করছেন? নিউমোনিয়া হয়নি তো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম