কাশি-জ্বর অবহেলা করছেন? নিউমোনিয়া হয়নি তো
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম
শিশু, বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং ডায়াবেটিস, হাঁপানি ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি।
|
ফলো করুন |
|
|---|---|
শীত এলেই অনেকের কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। বেশির ভাগ ক্ষেত্রে এসব উপসর্গ সাধারণ সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের কারণে হলেও কখনো কখনো তা নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে। শুরুতে রোগটি শনাক্ত করা না গেলে ফুসফুসের সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। এমনকি রোগীকে হাসপাতালে ভর্তি করে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হতে পারে। তাই দীর্ঘস্থায়ী কাশি কিংবা জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
শীতে কেন বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি
শীতকালে অতিরিক্ত বায়ুদূষণ ও তাপমাত্রা কমে যাওয়ার কারণে নিউমোনিয়ার ঝুঁকি বাড়তে পারে। বাতাসে থাকা সূক্ষ্ম ধূলিকণা শ্বাসনালিতে প্রদাহ সৃষ্টি করে এবং ফুসফুসের জীবাণু পরিষ্কার করার স্বাভাবিক ক্ষমতা দুর্বল করে। দূষিত বাতাস রোগ প্রতিরোধে কাজ করা কোষগুলোর কার্যকারিতাও কমিয়ে দিতে পারে।
এ ছাড়া তাপমাত্রা কমলে মানুষ ঘরের ভেতরে বেশি সময় কাটায়। জানালা-দরজা বন্ধ থাকায় অনেক ক্ষেত্রে ঘরে পর্যাপ্ত বায়ু চলাচল হয় না। ফলে শ্বাসতন্ত্রের ভাইরাস সহজে ছড়াতে পারে। এ পরিস্থিতিতে সাধারণ ভাইরাসজনিত সংক্রমণ থেকেও নিউমোনিয়া হওয়ার আশঙ্কা তৈরি হয়।
দেরিতে চিকিৎসা নেওয়াই বড় ঝুঁকি
নিউমোনিয়ার শুরুতে সব সময় গুরুতর উপসর্গ দেখা যায় না। দীর্ঘদিন কাশি, সামান্য জ্বর ও ক্লান্তিকে অনেকে আবহাওয়ার পরিবর্তনজনিত সমস্যা মনে করেন। কেউ কেউ চিকিৎসকের কাছে না গিয়ে আদা চা পান, গরম পানির ভাপ নেওয়া কিংবা আগের অসুস্থতার অবশিষ্ট অ্যান্টিবায়োটিক সেবন করেন।
কিন্তু চিকিৎসা নিতে দেরি হলে সংক্রমণ ফুসফুসের আরও গভীরে ছড়িয়ে পড়তে পারে। তখন বাসায় মুখে খাওয়ার ওষুধে নিয়ন্ত্রণ করা সম্ভব এমন অসুস্থতাও গুরুতর হয়ে অক্সিজেনের মাত্রা কমিয়ে দিতে পারে। প্রয়োজন হতে পারে হাসপাতালে ভর্তি হওয়ার।
যেসব লক্ষণে সতর্ক হবেন
কাশির সঙ্গে জ্বর, শ্বাস নিতে কষ্ট, শ্বাস নেওয়া বা কাশির সময় বুকে ব্যথা এবং বিশ্রামেও দ্রুত শ্বাস নেওয়া নিউমোনিয়ার সতর্কসংকেত হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে অস্বাভাবিক দুর্বলতা, বিভ্রান্তি কিংবা ক্ষুধামন্দাও রোগের লক্ষণ হিসেবে দেখা দিতে পারে।
শিশুদের দ্রুত শ্বাস নেওয়া, খাবার খেতে না চাওয়া কিংবা শ্বাস নেওয়ার সময় বুকের নিচের অংশ ভেতরের দিকে দেবে যাওয়া বিশেষভাবে উদ্বেগজনক। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজন অনুযায়ী বুকের এক্স-রে ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করতে হতে পারে।
যাদের বেশি সতর্ক থাকতে হবে
শিশু, বয়স্ক ব্যক্তি, ধূমপায়ী এবং ডায়াবেটিস, হাঁপানি ও হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিদের নিউমোনিয়ার ঝুঁকি বেশি। গর্ভবতী নারীদেরও বাড়তি সতর্কতা প্রয়োজন। এ ছাড়া পঞ্চাশ ও ষাটের কোঠায় থাকা পুরুষদের মধ্যে, বিশেষ করে যাদের ডায়াবেটিস বা দীর্ঘদিন ধূমপানের অভ্যাস রয়েছে, চিকিৎসা নিতে দেরি করার প্রবণতা দেখা যায়।
প্রতিরোধে করণীয়
নিউমোনিয়ার ঝুঁকি কমাতে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নেওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। এসব টিকা সব সংক্রমণ ঠেকাতে না পারলেও গুরুতর অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত নয়। এতে রোগ শনাক্তে দেরি হওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর ঝুঁকি বাড়ে।
বায়ুদূষণ বেশি থাকলে ভালোভাবে মুখে বসে এমন এন৯৫ মাস্ক ব্যবহার, ভোরে দূষিত পরিবেশে ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের ভেতরে ধোঁয়া তৈরি হয় এমন কাজ কমানো প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত পানি ও উষ্ণ তরল পান এবং পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি।
চিকিৎসকদের মতে, কাশি এক সপ্তাহের বেশি স্থায়ী হলে কিংবা কাশির সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট থাকলে বুক পরীক্ষা করানো উচিত। সাধারণ কাশি ভেবে অবহেলা না করে শুরুতেই প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নেওয়াই নিউমোনিয়ার জটিলতা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস

