কনকনে শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
আহসান হাবীব নীলু, কুড়িগ্রাম
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে ঠাণ্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতে ঠাণ্ডা জনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
বুধবার (২৫ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
ঠাণ্ডার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কৃষক কাচুয়া মিয়া (৭০) বলেন, শীতের কারণে জমিতে নিরানি করতে পারছি না। কনকনে ঠাণ্ডায় হাত পা জমে যায়। তাই আজ জমিতে যাইনি।
চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, হামরা গরিব মানুষ, কামোত না গেইলে খামো কী। এ্যালাও ছাওয়া-পােয়ার জন্য কাপড় কিনব্যার পাই নাই, টাকা নাই। ঠাণ্ডা তো বাড়ব্যার লাগছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না।
কুড়িগ্রাম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আল আমিন মাসুদ জানান, ঠাণ্ডা জনিত কারণে শিশুরা ডায়রিয়া নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫) বলেন, সকাল বেলা ভাড়া নিয়ে শহরে আসছি খুব কষ্ট করে। হাত-পাও সিঁটে লাগি আইসে।
এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
