ফেলে দেওয়া টুকরো কাপড়ে তৈরি
সৈয়দপুরের শীতের কাপড়ে লাখো মানুষের মুখে হাসি
মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী)
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাণিজ্যিক শহর হিসাবে খ্যাত নীলফামারীর সৈয়দপুরে আগাম শীতবস্ত্র তৈরি হওয়ায় এখানে গরম কাপড় খুঁজতে আসেন উত্তরের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা। চট্টগ্রাম, ঢাকা, সাভার, গাজীপুরের আধুনিক পোশাক কারখানাগুলোর কাটিং টেবিল থেকে যেসব টুকরো কাপড় মেঝেতে ফেলে দেওয়া হয়, সেসব কাপড়ের ওপর ভিত্তি করেই সৈয়দপুরে গড়ে উঠেছে বিশাল পোশাকশিল্প। এতে অল্প দামে নতুন ও আধুনিক পোশাক তুলে দিয়ে খেটে খাওয়া ও স্বল্প আয়ের লাখো মানুষের মুখে হাসি ফুটাচ্ছেন সৈয়দপুরের পোশাক উৎপাদনকারীরা। ফলে এটি শুধু স্থানীয় একটি কুটিরশিল্প নয়, বরং সৈয়দপুরের শতকোটি টাকার এক গতিশীল অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। সৈয়দপুর শহরের অলিগলিতে ঢুকলেই শোনা যায় সেলাই মেশিনের শব্দ। শহরের মুন্সীপাড়া, নয়াটোলা, হাতিখানা থেকে শুরু করে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন, কামারপুকুর ও বাংগালীপুর ইউনিয়নের ঘরে ঘরে ফেলে দেওয়া কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে আধুনিক ডিজাইনের গরম পোশাক। টিনের চালা বা ঘরের ভেতর দিন-রাত কাজ করছেন সেলাই মেশিনের কারিগররা।
সরেজমিন দেখা যায়, সৈয়দপুরের বিভিন্ন এলাকায় ৫০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানা গড়ে উঠেছে। যার অধিকাংশই প্লাজা সুপার মার্কেটসহ আশপাশের এলাকায়। সেখানকার কারিগররা বলেন, ‘আমাদের সেলাই মেশিনে তৈরি শীতের পোশাকের কদর দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। এখান থেকে বিপুল পরিমাণ পোশাক ভারত, নেপাল ও ভুটানে যায়।’
তারা বলেন, আমাদের তৈরি পোশাকগুলো কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা অর্ডারের ভিত্তিতে তৈরি করা হয় না। দেশের পাইকারি বাজারের জন্য তৈরি হয়। শীত বাড়ার সঙ্গে সঙ্গে দম ফেলার সময় থাকে না। ঢাকা, খুলনা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই পাইকাররা আসেন আমাদের কারখানায়। দামে অত্যন্ত সাশ্রয়ী হওয়ায় নিু ও নিু মধ্যবিত্ত মানুষের শীতের কাপড়ের বিশাল চাহিদা মেটাতে এই পোশাকগুলো ভূমিকা রাখে। তারা আরো বলেন, ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে তৈরি হলেও সেলাইয়ের ফিনিশিং দেখলে বুঝতেই পারবেন না পোশাকগুলো সৈয়দপুরের তৈরি।
সেলাই কারিগররা আরও জানান, শীতের মৌসুমে জ্যাকেট, হুডি ও ব্লেজার তৈরিতে ব্যস্ত থাকেন কারিগররা। ঈদের মৌসুমে তৈরি হয় বিভিন্ন ডিজাইনের প্যান্ট ও শার্ট। আবার গরমে তৈরি হয় থ্রি-কোয়ার্টার প্যান্ট, হাফ প্যান্ট এবং হালকা ট্রাউজার। একজন কারিগর দিনে ৩০টির মতো পোশাকের কাটিং ও সেলাই করতে পারেন। এই হাড়ভাঙা খাটুনির পর তাদের আয় হয় দিনে মাত্র ৫০০ থেকে ৬০০ টাকা-জানান কারিগররা।
পোশাক কারখানার মালিক সাজু বলেন, ২০০৫ সালের দিকে ঢাকায় ফেলে দেওয়া যে কাপড় আমরা ৮ থেকে ১০ টাকা কেজিতে কিনতাম, তার দাম এখন বহুগুণ বেড়ে গেছে। তারপরও পাইকারি পর্যায়ে ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে একটি ফুল প্যান্ট এবং মাত্র ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে উন্নত মানের জ্যাকেট বিক্রি করছি।
উদ্যোক্তারা বলেন, সহজ শর্তে ঋণ না পাওয়ার পাশাপাশি পোশাকশিল্পের সবচেয়ে বড় সংকট হলো গ্যাসের। এজন্য অত্যাধুনিক বড় কোনো কারখানা গড়ে তুলতে পারেননি তারা। ফলে সম্ভাবনার শহর সৈয়দপুর ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারছে না।
সৈয়দপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি মনজুরুল ইসলাম বলেন, এ শহরে বেশির ভাগই অবাঙালি (উর্দু ভাষী) মানুষের বসবাস। এখানকার দর্জি ও কারিগরদের পেশাগত শিকড় মূলত পাকিস্তান আমল থেকেই। ওই সময়ের দর্জির বংশধররাই তাদের ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। বিহারিদের পাশাপাশি বাঙালিরাও সেলাইয়ের কাজ করেন। তবে কারখানার ভেতরে কে বাঙালি আর কে অবাঙালি, সেই পরিচয় মুছে যায় সেলাই মেশিনের ছন্দে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ্ ফাতিহা তাকলিমা বলেন, আসলেই এটি সম্ভাবনার শহর। এ শহরের মানুষ নিজ চেষ্টায় সৈয়দপুরকে শিক্ষা নগরী ও বাণিজ্যিক শহরে পরিচিত করেছেন দেশজুড়ে। সরকারের প্রচেষ্টায় গ্যাস সংযোগ ও সহজ কিস্তিতে ব্যাংক ঋণের সুবিধা পেলে এখানকার মানুষ সৈয়দপুরকে ঢাকার পরেই বাণিজ্যিক শহরে রূপান্তরিত করতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই।
