Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

সমবায় অধিদপ্তর

ঘুসের মামলার আসামি পেলেন প্রাইজ পোস্টিং

ওপর থেকে ফাইল অনুমোদন হয়ে এসেছে। আমি শুধু আদেশ জারি করেছি-সিনিয়র সহকারী সচিব সমবায় বিভাগ

Icon

আমিরুল ইসলাম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সমবায় অধিদপ্তরের আওতাধীন কর্ণফুলী গার্ডেন অ্যাপার্টমেন্টের নির্বাচনে ঘুস গ্রহণের অভিযোগে দায়ের করা মামলার একজন আসামি ঢাকা জেলা সমবায় কর্মকর্তা তাহমিদুজ্জানান। সম্প্রতি তাকে পোস্টিং দিয়েছে সমবায় বিভাগ। ১৫ নভেম্বর রংপুর বিভাগীয় সমবায় কার্যালয় থেকে তাকে ঢাকা জেলার সমবায় অফিসার হিসাবে পদায়ন করা হয়। তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান অবস্থায় এ পদায়ন নিয়ে সমবায় অধিদপ্তরে রয়েছে অসন্তোষ। ক্ষুব্ধ সমবায় কর্মকর্তারা বলছেন, এ ধরনের দুর্নীতিবাজদের প্রাইজ পোস্টিংয়ের কারণে অন্য কর্মকর্তারা দুর্নীতিতে আরও আশকারা পাবেন।

দুদকের তদন্ত কর্মকর্তা জাকির হোসেন যুগান্তরকে বলেন, আসামিদের বিরুদ্ধে দায়ের করা ঘুস গ্রহণের মামলার তদন্ত এখনো চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তকাজ শিগ্গিরই শেষ হবে বলেও জানান তিনি। সমবায় বিভাগের সিনিয়র সহকারী সচিব তানভীর হোসেন যুগান্তরকে বলেন, দুদকে মামলা থাকলে কাউকে পোস্টিং দেওয়া যাবে না, এমন কোনো বিধিনিষেধ নেই। তাহমিদুজ্জানকে প্রাইস পোস্টিং দেওয়া হলো কি না-এমন প্রশ্নে তানভীর হোসেন বলেন, ওপর থেকে ফাইল অনুমোদন হয়ে এসেছে। আমি শুধু আদেশ জারি করেছি।

দুদকের মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল কর্ণফুলী গার্ডেন অ্যাপার্টমেন্ট সমবায় সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করে সমবায় অধিদপ্তর। তফসিলের পর মো. সাইফুল ইসলাম সজীবসহ অন্য প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্র সংগ্রহের পর সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম সজীবের কাছে তার বাংলামোটরের অফিসে গিয়ে ১০ লাখ টাকা ঘুস দাবি করা হয়। ঢাকা জেলার সমবায় কর্মকর্তা তাহমিদুজ্জামানের নির্দেশে পরিদর্শক মো. শাহজাহান আলী, সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন এবং মনির হোসেন সভাপতি প্রার্থীর কাছে মোটা অঙ্কের ঘুস দাবি করেন। বিনিময়ে তারা সাইফুল ইসলাম সজীবের পক্ষে রায় দেবেন বলে আশ্বাস দেন। টাকা না দিলে নির্বাচনে কীভাবে পাশ করেন, তা দেখে নেবেন বলেও হুমকি দেন। অভিযোগকারী সাইফুল ইসলাম সজীব বাধ্য হয়ে প্রথম দফায় তাদের ১০ হাজার টাকা ঘুস দেন।

ওই বছর ১৬ জুন সমবায় অফিসের দলটি আবার সাইফুল ইসলাম সজীবের অফিসে ঘুসের টাকা নিতে যায়। এ সময় সাইফুল ইসলাম সজীব তাদের ১০ হাজার টাকার ৩টি বান্ডেল দেন। প্রতিটি বান্ডেলে ১০০ টাকার নোট ছিল। টাকা লেনদেনের বিষয়টি তিনি ভিডিও ধারণ করে শাহবাগ থানাকে অবহিত করেন। পরে টাকাসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। টাকার বান্ডেল সমবায় কর্মকর্তাদের দেওয়ার আগে বিষয়টি দুদককেও অবহিত করেন সাইফুল ইসলাম সজীব।

পরে সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। শাহবাগ থানা তিন আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ঢাকা জেলার সমবায় কর্মকর্তাকে তাহমিদুজ্জামানকেও আসামি করে। চার আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪(১) ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ। পরবর্তী সময়ে দুদকের উপপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বাদী হয়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১/১০৯ ধারায় পৃথক মামলা দায়ের করেন। মামলাটি এখনো তদন্তাধীন।

এদিকে অভিযোগের বিষয়ে তাহমিদুজ্জামানের বক্তব্য জানতে চাইলে তিনি হ্যালো বলে সংযোগ কেটে দেন। পরে তিনি অন্য একজনকে দিয়ে যুগান্তর প্রতিবেদককে ফোন করান। তিনি জানতে চান আপনি কোন পত্রিকার? এ প্রতিবেদক জানান তিনি যুগান্তরের রিপোর্টার। তখন ওই ব্যক্তি বলেন, যুগান্তরে আমাদের লোক আছে। তার পরিচয় জানতে চাইলে তিনি সংযোগ কেটে দেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নাশকতার আশঙ্কায় বাড়তি সতর্কতা ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

ঝুঁকিপূর্ণ ৮ কারাগারে বিশেষ নজরদারি

ফেলে দেওয়া টুকরো কাপড়ে তৈরি সৈয়দপুরের শীতের কাপড়ে লাখো মানুষের মুখে হাসি

সৈয়দপুরের শীতের কাপড়ে লাখো মানুষের মুখে হাসি

গ্রামীণ ব্যাংকে আগুনসহ ৮ জেলায় নাশকতা

গ্রামীণ ব্যাংকে আগুনসহ ৮ জেলায় নাশকতা

সমবায় অধিদপ্তর ঘুসের মামলার আসামি পেলেন প্রাইজ পোস্টিং

ঘুসের মামলার আসামি পেলেন প্রাইজ পোস্টিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম