সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সন্তান জন্ম দেওয়ার পর মায়ের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। তবে সন্তান জন্মের সময় হওয়া শারীরিক ক্ষত ও জটিলতার প্রভাব অনেক নারীর ক্ষেত্রে দীর্ঘদিন থেকে যায়। কারও প্রস্রাব বা মল ধরে রাখতে সমস্যা হয়, কেউ ভোগেন দীর্ঘস্থায়ী ব্যথায়। আবার কারও ক্ষেত্রে অস্ত্রোপচারের ক্ষত থেকে তৈরি জটিলতা বহু বছর পরও প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করতে পারে।
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় চার কোটি নারী সন্তান জন্মের পর দীর্ঘস্থায়ী নানা জটিলতায় আক্রান্ত হন। এসব সমস্যা কয়েক মাস থেকে শুরু করে বছরের পর বছর স্থায়ী হতে পারে। এমনকি কোনো কোনো জটিলতা সন্তান জন্মের বহু বছর পর প্রকাশ পায়। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে বিবিসি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মাতৃমৃত্যু কমানোর দিকে বিশ্বজুড়ে স্বাস্থ্যব্যবস্থার গুরুত্ব থাকলেও সন্তান জন্মের পর মায়েদের দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক সমস্যাগুলো অনেক সময় যথেষ্ট গুরুত্ব পায় না। ফলে বহু নারী প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হন।
সিজারিয়ান অস্ত্রোপচারের দীর্ঘমেয়াদি ঝুঁকি
সন্তান জন্মের পর জটিলতার একটি বড় কারণ হতে পারে সিজারিয়ান অস্ত্রোপচার। জরুরি প্রয়োজনে মা ও শিশুর জীবন রক্ষায় এই অস্ত্রোপচার গুরুত্বপূর্ণ হলেও এর কিছু দীর্ঘমেয়াদি ঝুঁকি রয়েছে। অস্ত্রোপচারের পর পেটের ভেতরে তৈরি হওয়া ক্ষত বা দাগের টিস্যু কখনো কখনো বিভিন্ন অঙ্গের সঙ্গে আটকে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে বলা হয় অ্যাডহিশন।
এ ধরনের টিস্যু অন্ত্রের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। ফলে পেটে তীব্র ব্যথা, অন্ত্রে প্রতিবন্ধকতা এবং গুরুতর সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে।
প্রতিবেদনে লেখক নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন। জরুরি সিজারিয়ানের কয়েক দিন পরই তার আবার অস্ত্রোপচার করতে হয়েছিল। সাত বছর পর পেটে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকেরা দেখতে পান, আগের অস্ত্রোপচারের কারণে তৈরি হওয়া ক্ষত টিস্যু তার অন্ত্রে বাধা সৃষ্টি করেছে। পরিস্থিতি গুরুতর হয়ে ওঠায় পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে তার অন্ত্রের ক্ষতিগ্রস্ত ৬০ সেন্টিমিটার অংশ কেটে বাদ দিতে হয়।
এর চার মাস পর একই সমস্যায় তাকে আবার অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকেরা জানান, ভবিষ্যতেও এমন জটিলতা ফিরে আসার আশঙ্কা রয়েছে।
স্বাভাবিক প্রসবেও থাকতে পারে দীর্ঘস্থায়ী ক্ষতি
শুধু সিজারিয়ান নয়, স্বাভাবিক প্রসবের পরও নারীরা নানা জটিলতায় ভুগতে পারেন। বিশেষ করে প্রসবের সময় যোনিপথ ও মলদ্বারের মাঝের অংশে গভীর ক্ষত তৈরি হলে দীর্ঘমেয়াদি সমস্যা দেখা দিতে পারে। যন্ত্রের সাহায্যে সন্তান প্রসব করানোর ক্ষেত্রে এ ধরনের ক্ষতের ঝুঁকি আরও বেশি।
প্রতিবেদন অনুযায়ী, সন্তান জন্মের পর নারীদের মধ্যে যেসব দীর্ঘস্থায়ী সমস্যা দেখা যায়, সেগুলোর মধ্যে রয়েছে—
- যৌনমিলনে ব্যথা বা অসুবিধা
- কোমরের নিচের অংশে দীর্ঘস্থায়ী ব্যথা
- প্রস্রাব ধরে রাখতে না পারা
- মল ধরে রাখতে সমস্যা
- উদ্বেগ ও বিষণ্নতা
- প্রসবের পর পেরিনিয়াল বা যোনিপথের আশপাশে ব্যথা
- পরবর্তী সময়ে সন্তান ধারণে সমস্যা
এ ছাড়া জরায়ু বা পেলভিক অঙ্গ নিচের দিকে নেমে আসা, স্নায়ুর ক্ষতি, থাইরয়েডের সমস্যা এবং প্রসব-পরবর্তী মানসিক আঘাতজনিত সমস্যাও দেখা দিতে পারে।
গবেষণায় দেখা গেছে, সন্তান জন্মের ২০ থেকে ২৬ বছর পরও অনেক নারী এসব জটিলতায় ভোগেন। একটি গবেষণায় অংশ নেওয়া নারীদের ৬১ শতাংশের প্রস্রাব ধরে রাখতে সমস্যা, ২২ শতাংশের মল ধরে রাখতে সমস্যা এবং ১৭ শতাংশের পেলভিক অঙ্গ নেমে আসার লক্ষণ পাওয়া গেছে।
দীর্ঘস্থায়ী ব্যথা ও মানসিক আঘাত
প্রসবের সময় স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘদিন ব্যথা থাকতে পারে। বিশেষ করে পেলভিক অঞ্চলের পুডেন্ডাল স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে যৌনাঙ্গ, মলদ্বার ও মূত্রনালির আশপাশে ব্যথা এবং অনুভূতির সমস্যা দেখা দিতে পারে।
শারীরিক জটিলতার পাশাপাশি সন্তান জন্মের অভিজ্ঞতা নারীর মানসিক স্বাস্থ্যের ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। প্রসবের সময় ভয়াবহ অভিজ্ঞতা, চিকিৎসায় অবহেলা কিংবা পর্যাপ্ত সহায়তা না পাওয়ার কারণে উদ্বেগ, বিষণ্নতা ও পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) দেখা দিতে পারে।
প্রতিবেদনে এমন কয়েকজন নারীর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যারা সন্তান জন্মের কয়েক বছর পরও সেই সময়ের ভয়াবহ স্মৃতি ও শারীরিক যন্ত্রণা থেকে পুরোপুরি বের হতে পারেননি। কারও ক্ষেত্রে প্রসবের সময় তৈরি হওয়া ক্ষত ও সংক্রমণের কারণে একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে। কেউ আবার পরবর্তী সময়ে সন্তান নেওয়ার কথা ভাবতেও ভয় পাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর মায়ের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা কিছুটা বাড়লেও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো এখনো যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না।
কেন চিকিৎসা থেকে বঞ্চিত হন নারীরা
সন্তান জন্মের পর চিকিৎসাব্যবস্থায় সাধারণত নবজাতকের যত্নকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে মায়ের শারীরিক ও মানসিক পুনরুদ্ধারের বিষয়টি অনেক সময় আড়ালে থেকে যায়। প্রসবের পর কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করানো হলেও দীর্ঘমেয়াদি জটিলতা শনাক্ত করার জন্য নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা অনেক ক্ষেত্রে থাকে না।
এ ছাড়া প্রস্রাব ধরে রাখতে না পারা, যৌনমিলনে ব্যথা কিংবা মলত্যাগের সমস্যা নিয়ে কথা বলতে অনেক নারী বিব্রত বোধ করেন। কেউ কেউ এসব সমস্যাকে সন্তান জন্মের স্বাভাবিক পরিণতি মনে করে চিকিৎসা নিতেও দেরি করেন। আবার চিকিৎসকের কাছে গেলেও অনেক সময় তাদের অভিযোগ যথাযথ গুরুত্ব পায় না।
বিশেষজ্ঞদের পরামর্শ, সন্তান জন্মের পর দীর্ঘদিন কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকলে সেটিকে স্বাভাবিক ভেবে অবহেলা করা উচিত নয়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ, ফিজিওথেরাপি এবং সহায়তা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া নারীদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের পর মায়ের যত্নও নবজাতকের যত্নের মতোই গুরুত্বপূর্ণ। প্রসবের পরপরই চিকিৎসা শেষ হয়ে যায় না; মায়ের সুস্থতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিচর্যা ও পর্যবেক্ষণ প্রয়োজন।

-6b065eb3d048b.jpg)