Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

কাজ শেষেও মাথা থেকে চিন্তা যাচ্ছে না? মানুন ৫ কৌশল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

কাজ শেষেও মাথা থেকে চিন্তা যাচ্ছে না? মানুন ৫ কৌশল

ছবি: সংগৃহীত

Advertisement

দিন শেষে কাজ শেষ করেও কি মাথা থেকে কাজের চিন্তা সরাতে পারছেন না? অফিসের অসমাপ্ত কাজ, জমে থাকা ই-মেইল কিংবা পরের দিনের দায়িত্ব নিয়ে ভাবতে ভাবতে ঘুমের ব্যাঘাত ঘটছে? মনোবিজ্ঞানীরা বলছেন, অসমাপ্ত কাজের চিন্তা মস্তিষ্কে বাড়তি চাপ তৈরি করতে পারে। এ অবস্থাকে ব্যাখ্যা করতে মনোবিজ্ঞানে ‘জাইগারনিক ইফেক্ট’ নামে একটি ধারণা রয়েছে। কয়েকটি সহজ অভ্যাসের মাধ্যমে এই মানসিক চাপ কমানো সম্ভব।

১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জাইগারনিক এক গবেষণায় দেখান, মানুষ যেসব কাজ শেষ করতে পারেনি বা মাঝপথে বাধার মুখে পড়েছে, সেগুলো সম্পন্ন হওয়া কাজের তুলনায় বেশি মনে রাখতে পারে। পরে এই ধারণা ‘জাইগারনিক ইফেক্ট’ নামে পরিচিতি পায়।

গবেষণার পেছনে একটি মজার ঘটনা রয়েছে। মনোবিজ্ঞানী কার্ট লেভিন এক ব্যস্ত রেস্তোরাঁয় দেখেছিলেন, ওয়েটাররা গ্রাহকদের দেওয়া খাবারের বড় অর্ডার পরিশোধের আগপর্যন্ত মনে রাখতে পারেন। কিন্তু বিল পরিশোধ হয়ে গেলে অর্ডারের বিষয়টি দ্রুত ভুলে যান। এ ঘটনা থেকেই অসমাপ্ত কাজ মানুষের স্মৃতিতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে গবেষণার আগ্রহ তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, অসমাপ্ত কাজের তথ্য মস্তিষ্কে সক্রিয় থাকায় পরবর্তী সময়ে কাজ শুরু করতে সুবিধা হতে পারে। তবে একই চিন্তা দীর্ঘ সময় ধরে চলতে থাকলে মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং কাজ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হতে পারে।

এ ধরনের ক্লান্তি কাটিয়ে উঠতে পাঁচটি কৌশল অনুসরণ করা যেতে পারে।

১. সময় নির্ধারণ করে কাজের পরিকল্পনা করুন

সব কাজ একদিনে শেষ করা সম্ভব নয়। তাই দিনের শুরুতেই কোন কাজটি কখন করবেন, তা নির্ধারণ করা জরুরি। কাজের অগ্রাধিকার ঠিক করুন এবং প্রতিটি কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময় নির্ধারণ করুন।

জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের মনোবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টিন সিরেকের মতে, কাজ শেষ না হলেও পরবর্তী সময়ে কীভাবে তা সম্পন্ন করা হবে, সে বিষয়ে পরিষ্কার পরিকল্পনা থাকলে মানসিক চাপ কমে।

কাজের তালিকা লিখে রাখলে গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাওয়ার ভয়ও কমে। এতে অবসর সময়ে কাজ নিয়ে বারবার চিন্তা করার প্রবণতা কমতে পারে।

২. কাজের বাইরের সময়ে নোটিফিকেশন বন্ধ রাখুন

স্মার্টফোনের ই-মেইল ও মেসেজিং অ্যাপের নোটিফিকেশন মানুষকে সব সময় কাজের সঙ্গে যুক্ত রাখে। ফলে অফিসের সময় শেষ হলেও মস্তিষ্ক কাজের চিন্তা থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না।

এ সমস্যা এড়াতে নির্দিষ্ট সময় ছাড়া অফিসের ই-মেইল ও বার্তা দেখা বন্ধ রাখুন। ছুটির দিনেও কাজের যোগাযোগ সীমিত রাখার চেষ্টা করুন। এতে ব্যক্তিগত ও কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

৩. একসঙ্গে অনেক প্রকল্পের কাজ এড়িয়ে চলুন

একাধিক কাজ একসঙ্গে সামলানোর চেষ্টা মস্তিষ্কের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, একটি কাজ থেকে অন্য কাজে যাওয়ার সময় মস্তিষ্ককে নতুন তথ্য ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। এতে মনোযোগ ও কর্মক্ষমতা ব্যাহত হতে পারে।

তাই সম্ভব হলে একটি কাজ শেষ করে পরবর্তী কাজে হাত দিন। একাধিক প্রকল্পের মধ্যে বারবার যাতায়াত না করে নির্দিষ্ট সময় ধরে একটি কাজের ওপর মনোযোগ দিলে মানসিক চাপ কমতে পারে।

৪. ছুটির আগে কাজের সময়সীমা ও পরিকল্পনা ঠিক করুন

ছুটি বা উৎসবের আগে অসমাপ্ত কাজের চাপ অনেকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে ছুটিতে যাওয়ার আগে সব কাজ শেষ করতেই হবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি।

কোন কাজগুলো ছুটির আগে শেষ করা প্রয়োজন এবং কোনগুলো ফিরে এসে করা যাবে, তা আলাদা করে রাখুন। অসমাপ্ত কাজের পরবর্তী ধাপ লিখে রাখলে ছুটি শেষে আবার কাজ শুরু করাও সহজ হবে।

৫. কাজ শেষের পর অভ্যাসে পরিবর্তন আনুন

অফিস বা কাজের সময় শেষ হওয়ার পর মস্তিষ্ককে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করা প্রয়োজন। এ জন্য কাজ শেষে হাঁটতে বের হওয়া, অন্য ঘরে যাওয়া কিংবা কিছু সময়ের জন্য ল্যাপটপ বন্ধ করে রাখা যেতে পারে।

বিশেষজ্ঞরা এ ধরনের অভ্যাসকে ‘ট্রানজিশন রিচুয়াল’ বলে থাকেন। অর্থাৎ কাজ ও ব্যক্তিগত সময়ের মধ্যে একটি স্পষ্ট পরিবর্তন তৈরি করা।

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার জ্ঞানবিজ্ঞানের সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকোর মতে, একটি দরজা পেরিয়ে অন্য ঘরে যাওয়ার মতো পরিবেশগত পরিবর্তনও মস্তিষ্ককে নতুন কাজের জন্য প্রস্তুত করতে সহায়তা করতে পারে। এ ছাড়া কর্মস্থল থেকে মানসিক দূরত্ব তৈরি করতেও এটি কার্যকর।

বিশেষজ্ঞদের মতে, এসব কৌশল নিয়মিত অনুসরণ করলে অসমাপ্ত কাজ নিয়ে অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপ কমানো সম্ভব। সব কাজ একসঙ্গে শেষ করার চেষ্টা না করে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়াই মস্তিষ্ককে স্বস্তি দেওয়ার অন্যতম উপায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশের

ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশের

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

আরও পড়ুন

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

সন্তান জন্মের পর নারীরা যেসব দীর্ঘস্থায়ী সমস্যায় ভোগেন

কাজ শেষেও মাথা থেকে চিন্তা যাচ্ছে না? মানুন ৫ কৌশল

কাজ শেষেও মাথা থেকে চিন্তা যাচ্ছে না? মানুন ৫ কৌশল

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

দেশে প্রকট হচ্ছে নারী-পুরুষের বন্ধ্যত্ব, প্রতিকারের কী উপায়?

ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশের

ক্যানসার ঠেকাতে পরীক্ষামূলক টিকা, সাড়া ৯৯ শতাংশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম