Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

ছবি: সংগৃহীত

Advertisement

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণ আয়ু বাড়াতে পারে— এমন ধারণা নতুন নয়। তবে জীবনের শুরুতেই নয়, বরং বয়স বাড়ার পর এই অস্ত্রোপচার করলে আয়ু আরও বেশি বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা পুরুষ ইঁদুরের আয়ু প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।

বিজ্ঞানীদের এই আবিষ্কার পুরুষের বার্ধক্য এবং নারী-পুরুষের আয়ুর পার্থক্য নিয়ে প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন তৈরি করেছে। গবেষকদের আশা, কীভাবে অণ্ডকোষ অপসারণ আয়ু বাড়ায়, তা শনাক্ত করা গেলে অস্ত্রোপচার ছাড়াই একই ধরনের উপকার পাওয়া সম্ভব হতে পারে।

সম্প্রতি গবেষণাটির ফলাফল গবেষণাপূর্ব নিবন্ধ হিসেবে প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন এবং তার সহকর্মীরা এই গবেষণা পরিচালনা করেন।

গবেষণায় একই প্রজাতির পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে বন্ধ্যাকরণ করা হয়। প্রথম দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির কিছুদিন পর এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ অপসারণ করা হয়। মানুষের বয়সের হিসাবে শেষ বয়সটি প্রায় ৩০ বছরের সমান।

পরে এসব ইঁদুরের আয়ুর সঙ্গে অস্ত্রোপচার না করা পুরুষ ইঁদুরের আয়ুর তুলনা করেন গবেষকরা। এতে দেখা যায়, তিনটি দলেই আয়ু বেড়েছে। তবে সবচেয়ে বেশি উপকার পেয়েছে প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুর।

গবেষণার তথ্য অনুযায়ী, বয়ঃসন্ধির আগে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু প্রায় ১৯ শতাংশ বেড়েছে। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ২৬ শতাংশ। আর ২৪০ দিন বয়সে বন্ধ্যাকরণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

গবেষকদের কাছে ফলাফলটি ছিল অপ্রত্যাশিত। কারণ, এত দিন ধারণা করা হতো, অণ্ডকোষের ক্ষতিকর প্রভাব জীবনের প্রথম দিক থেকেই শুরু হয়। কিন্তু নতুন গবেষণা বলছে, বয়স বাড়ার পরও অণ্ডকোষ পুরুষের আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড বলেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় বন্ধ্যাকরণ করা ইঁদুরগুলোর ক্ষেত্রে অস্ত্রোপচারের পরপরই বেঁচে থাকার হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সাধারণত এই বয়সের ইঁদুরের মৃত্যুঝুঁকি ক্রমেই বাড়তে থাকে। কিন্তু অস্ত্রোপচারের পর এক বছরের বেশি সময় ধরে কোনো ইঁদুর মারা যায়নি। বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তিনি।

তবে বন্ধ্যাকরণের ফলে ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যের লক্ষণে বিশেষ কোনো উন্নতি দেখা যায়নি। তিনটি দলের ইঁদুরই প্রায় একই গতিতে শারীরিক শক্তি হারিয়েছে এবং বয়সজনিত দুর্বলতার লক্ষণ প্রকাশ করেছে। ফলে তাদের আয়ু বাড়ার পেছনে ঠিক কোন জৈবিক প্রক্রিয়া কাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়।

গবেষকদের ধারণা, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তবে এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পুরুষের শরীরের মোট টেস্টোস্টেরনের ৯০ শতাংশের বেশি অণ্ডকোষ থেকে উৎপন্ন হয়। কিন্তু অণ্ডকোষ অপসারণের ফলে শরীরে আরও অনেক ধরনের পরিবর্তন ঘটে। তাই শুধু এই হরমোনকে দায়ী করার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষণাটির সঙ্গে যুক্ত নন, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট বলেন, জীবনের শেষ দিকে বন্ধ্যাকরণ করলে আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে— গবেষণাটি সেই ধারণাকে শক্তিশালী করেছে। তবে অণ্ডকোষ ঠিক কখন এবং কীভাবে শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

মানুষের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের আগ্রহের বিষয়। যুক্তরাষ্ট্রে নারীরা পুরুষদের তুলনায় গড়ে প্রায় ছয় বছর বেশি বাঁচেন। ক্যানসার ও হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন রোগেও পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

এর পেছনে অণ্ডকোষের ভূমিকা থাকতে পারে বলে অতীতের বিভিন্ন গবেষণাতেও ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৬৯ সালে একটি মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে বসবাসকারী বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের ওপর পরিচালিত গবেষণায় দেখা যায়, অনিচ্ছাকৃতভাবে বন্ধ্যাকরণের শিকার ব্যক্তিদের আয়ু এক দশকেরও বেশি বাড়তে পারে। এ ছাড়া ২০২৫ সালে ২২টি মেরুদণ্ডী প্রাণীর ওপর পরিচালিত একটি বিশ্লেষণেও বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক পাওয়া যায়।

নতুন গবেষণার পর বিজ্ঞানীরা বন্ধ্যাকরণের ফলে আয়ু বাড়ানোর পেছনে দায়ী উপাদানগুলো শনাক্ত করার পরিকল্পনা করছেন। বিশেষ করে অস্ত্রোপচারের পর ইঁদুরগুলো কী কারণে মারা যাচ্ছে, তা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি অণ্ডকোষ থেকে নিঃসৃত কোন উপাদান বার্ধক্যকে প্রভাবিত করে, সেটিও খতিয়ে দেখা হবে।

গবেষকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা, যা অণ্ডকোষ অপসারণ ছাড়াই বন্ধ্যাকরণের সম্ভাব্য আয়ুবর্ধক প্রভাব তৈরি করতে পারবে। এ ধরনের চিকিৎসাকে বিজ্ঞানীরা বলছেন ‘ক্যাসট্রেশন মিমেটিকস’।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইঁদুরের ওপর পাওয়া এই ফলাফল এখনই মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার মতো পর্যায়ে পৌঁছায়নি। মানুষের আয়ু বাড়াতে বন্ধ্যাকরণকে কোনো চিকিৎসাপদ্ধতি হিসেবে বিবেচনা করারও সুযোগ নেই। এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

কর্টিসলের মাত্রা বেড়ে গেলে শরীরে যেসব পরিবর্তন আসে, জেনে নিন নিয়ন্ত্রণের উপায়

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

হজের টিকা গ্রহণের আগে যে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

অল্পবয়সীদেরও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, যে ৭ লক্ষণে সতর্ক হবেন

অল্পবয়সীদেরও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, যে ৭ লক্ষণে সতর্ক হবেন

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও থাকেন সুস্থ, রহস্য কী?

আরও পড়ুন

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু: গবেষণা

পেটের দুই পাশের মেদ কমাতে ঘরেই করুন ৭ ব্যায়াম

পেটের দুই পাশের মেদ কমাতে ঘরেই করুন ৭ ব্যায়াম

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

উপসর্গ দমন নাকি স্থায়ী মুক্তি: রোগারোগ্যে কী বলছে হোমিওপ্যাথি

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, যেভাবে এড়াবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম