অল্পবয়সীদেরও বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, যে ৭ লক্ষণে সতর্ক হবেন
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
একসময় স্ট্রোককে বয়স্কদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও এখন অল্পবয়সীরাও এ ঝুঁকির বাইরে নন। ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা। হঠাৎ মাথা ঘোরা, শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে আসা কিংবা চোখে ঝাপসা দেখার মতো উপসর্গ অনেকেই সাধারণ শারীরিক সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ এসব হতে পারে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ।
চিকিৎসকদের মতে, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসা নিতে দেরি হলে মস্তিষ্কের কোষ দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পরিণতিতে দেখা দিতে পারে স্থায়ী শারীরিক অক্ষমতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, কথা বলার সমস্যা এমনকি মৃত্যু। তাই বয়স কম হলেও স্ট্রোকের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা জরুরি।
বিশ্বব্যাপী স্ট্রোকের পরিসংখ্যানেও অল্পবয়সীদের আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের গ্লোবাল স্ট্রোক ইনফরমেশন রিপোর্ট ২০২৫ অনুযায়ী, বিশ্বে নতুন করে শনাক্ত হওয়া স্ট্রোকের প্রায় ১৫ শতাংশ রোগীর বয়স ১৫ থেকে ৪৯ বছরের মধ্যে।
স্ট্রোক কেন হয়?
মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে নিয়মিত অক্সিজেন ও পুষ্টি প্রয়োজন। রক্তের মাধ্যমে এসব উপাদান মস্তিষ্কে পৌঁছায়। কিন্তু মস্তিষ্কে রক্ত সরবরাহকারী কোনো রক্তনালি বন্ধ হয়ে গেলে অথবা ফেটে রক্তক্ষরণ হলে রক্তপ্রবাহ ব্যাহত হয়। এ অবস্থাকেই স্ট্রোক বলা হয়।
রক্ত সরবরাহ বন্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মস্তিষ্কের আক্রান্ত অংশের কোষ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তি, স্মৃতিশক্তি, হাঁটাচলা ও শরীরের স্বাভাবিক নড়াচড়ায়।
স্ট্রোক প্রধানত দুই ধরনের। প্রথমটি ইস্কেমিক স্ট্রোক। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালিতে রক্ত জমাট বেঁধে রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেলে এ ধরনের স্ট্রোক হয়।
দ্বিতীয়টি হেমোরেজিক স্ট্রোক। মস্তিষ্কের কোনো রক্তনালি ফেটে রক্তক্ষরণ হলে এ ধরনের স্ট্রোক দেখা দেয়। উভয় ধরনের স্ট্রোকই গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
স্ট্রোকের যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
বয়স কম কিংবা বেশি— উভয় ক্ষেত্রেই স্ট্রোকের লক্ষণ প্রায় একই রকম হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে উপসর্গ ভিন্ন হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—
১. শরীরের একপাশে হঠাৎ দুর্বলতা বা অসাড়তা দেখা দেওয়া।
২. মুখের একপাশ বেঁকে যাওয়া।
৩. কথা বলতে সমস্যা হওয়া কিংবা কথা জড়িয়ে যাওয়া।
৪. অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।
৫. এক বা দুই চোখে হঠাৎ ঝাপসা দেখা কিংবা দৃষ্টিশক্তি কমে যাওয়া।
৬. হাঁটাচলায় সমস্যা এবং শরীরের ভারসাম্য হারিয়ে ফেলা।
৭. হঠাৎ মাথা ঘোরা বা সমন্বয়হীনতা দেখা দেওয়া।
অনেকেই এসব লক্ষণকে সাধারণ দুর্বলতা, মাংসপেশির টান কিংবা সাময়িক অসুস্থতা ভেবে উপেক্ষা করেন। কিন্তু হঠাৎ এমন উপসর্গ দেখা দিলে অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। কয়েক মিনিটের মধ্যে লক্ষণগুলো চলে গেলেও চিকিৎসা নেওয়া জরুরি। কারণ, এটি সাময়িকভাবে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ হতে পারে।
স্ট্রোক শনাক্তে 'বি ফাস্ট' পরীক্ষা
স্ট্রোকের প্রাথমিক লক্ষণ দ্রুত বুঝতে 'বি ফাস্ট' (BE FAST) পদ্ধতি কার্যকর হতে পারে। এ পদ্ধতিতে শরীরের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন পর্যবেক্ষণ করতে হয়।
বি (ব্যালান্স): হঠাৎ শরীরের ভারসাম্য হারানো কিংবা হাঁটাচলায় সমস্যা হওয়া।
ই (আই): এক বা দুই চোখে হঠাৎ দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেওয়া।
এফ (ফেস): মুখের একপাশ বেঁকে যাওয়া।
এ (আর্ম): শরীরের একপাশের হাত বা পায়ে দুর্বলতা কিংবা অসাড়তা দেখা দেওয়া।
এস (স্পিচ): কথা জড়িয়ে যাওয়া, কথা বলতে বা অন্যের কথা বুঝতে সমস্যা হওয়া।
টি (টাইম): এসব লক্ষণের কোনোটি দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে জরুরি চিকিৎসা নেওয়া।
স্ট্রোকের চিকিৎসায় কেন সময় গুরুত্বপূর্ণ?
চিকিৎসকদের ভাষায়, স্ট্রোকের ক্ষেত্রে 'টাইম ইজ ব্রেইন' অর্থাৎ সময়ই মস্তিষ্ক। যত বেশি সময় চিকিৎসা ছাড়া পার হবে, মস্তিষ্কের তত বেশি কোষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে।
বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের পর প্রথম সাড়ে চার ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে উপযুক্ত রোগীদের রক্ত জমাট বাঁধা দূর করার ওষুধ দেওয়া যেতে পারে। এতে মস্তিষ্কের ক্ষতি কমানো এবং সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়তে পারে।
তবে সাড়ে চার ঘণ্টা পার হয়ে গেলেও চিকিৎসা নেওয়া থেকে বিরত থাকা যাবে না। স্ট্রোকের ধরন, উপসর্গ শুরুর সময় এবং পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী সময়েও কিছু চিকিৎসা দেওয়ার সুযোগ থাকতে পারে।
অল্পবয়সীদের স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ছে?
মুম্বাইয়ের যশলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের নিউরোলজিস্ট ডা. বিনয় ভান্ডারীর বরাত দিয়ে জানিয়েছে, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে নতুন করে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা প্রায় ৩৬ শতাংশ বেড়েছে।
অল্পবয়সীদের স্ট্রোকের ঝুঁকি বাড়ার পেছনে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, ধূমপান ও হৃদরোগের মতো কারণ রয়েছে।
এ ছাড়া মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালির সমস্যা, হৃদযন্ত্রের কিছু জটিলতা, রক্ত জমাট বাঁধার প্রবণতা এবং মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাঁধার কারণেও স্ট্রোক হতে পারে। কিছু ক্ষেত্রে প্রদাহজনিত সমস্যা ও বংশগত রোগও এর জন্য দায়ী।
নারীদের ক্ষেত্রে গর্ভাবস্থা এবং সন্তান প্রসবের পরবর্তী সময়ে স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে।
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বাড়ায় ঝুঁকি
অল্পবয়সীদের স্ট্রোকের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে মস্তিষ্কের রক্তনালি বন্ধ হয়ে যাওয়া কিংবা ফেটে রক্তক্ষরণের আশঙ্কা তৈরি হয়।
সমস্যা হলো, উচ্চ রক্তচাপ থাকলেও অনেকের শরীরে স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। ফলে নিজেকে সুস্থ মনে করলেও অজান্তে রক্তচাপ বেড়ে থাকতে পারে। এ কারণে নিয়মিত রক্তচাপ মাপার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ডায়াবেটিস দীর্ঘদিন ধরে রক্তনালির ক্ষতি করে। শরীরে অতিরিক্ত চর্বি জমা, বিশেষ করে পেটের মেদ ইনসুলিন প্রতিরোধ, উচ্চ রক্তচাপ ও বিপাকীয় নানা সমস্যার সঙ্গে সম্পর্কিত। এসব কারণ একসঙ্গে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
তাই নিয়মিত রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা নেওয়া জরুরি।
জিনগত কারণেও হতে পারে স্ট্রোক
সব ক্ষেত্রে জীবনযাত্রার অনিয়মই স্ট্রোকের কারণ নয়। কিছু বংশগত রোগ ও বিরল রক্তনালির সমস্যাও অল্পবয়সীদের স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সিকেল সেল ডিজিজ এবং মোয়া মোয়া ডিজিজ এর মধ্যে উল্লেখযোগ্য। মোয়া মোয়া একটি বিরল রোগ। এতে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী প্রধান রক্তনালিগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়। ফলে মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে সমস্যা হয়।
তাই অল্পবয়সে কেউ স্ট্রোকে আক্রান্ত হলে এর পেছনে কোনো বংশগত বা অন্তর্নিহিত রোগ রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা প্রয়োজন।
ধূমপান, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন
ধূমপান স্ট্রোকের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। এটি রক্তনালির ক্ষতি করে এবং রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ায়। অতিরিক্ত মদ্যপান রক্তচাপ বাড়ানোর পাশাপাশি হৃদস্পন্দন অনিয়মিত করতে পারে।
এ ছাড়া কোকেন ও মেথামফেটামিনের মতো মাদক হঠাৎ রক্তচাপ বাড়িয়ে স্ট্রোকের ঝুঁকি তৈরি করতে পারে। ই-সিগারেট বা ভেপিংয়ের সঙ্গেও স্ট্রোকের সম্ভাব্য সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন।
মানসিক চাপও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। কর্মক্ষেত্রের চাপ, আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব ও ঘুমের অভাব দীর্ঘস্থায়ী মানসিক চাপ তৈরি করে। এর প্রভাবে রক্তচাপ, ঘুম, খাদ্যাভ্যাস ও শারীরিক কার্যক্রমে পরিবর্তন আসতে পারে।
পাশাপাশি দীর্ঘ সময় বসে কাজ করা, ব্যায়াম না করা এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে ওজন বাড়তে পারে। এর সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সমস্যা যুক্ত হয়ে স্ট্রোকের ঝুঁকি আরও বাড়ায়।
স্ট্রোকের ঝুঁকি কমাতে যা করবেন
বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে স্ট্রোকের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য নিয়মিত রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করতে হবে।
পাশাপাশি ধূমপান পরিহার, সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ সময় একটানা বসে থাকার অভ্যাসও কমাতে হবে।
যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা নিতে হবে। নিজের ইচ্ছায় ওষুধ শুরু করা বা বন্ধ করা উচিত নয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ট্রোক শুধু বয়স্কদের রোগ নয়। অল্পবয়সীদেরও এর ঝুঁকি রয়েছে। তাই শরীরে হঠাৎ কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে সেটিকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়াই হতে পারে জীবন ও মস্তিষ্কের স্থায়ী ক্ষতি থেকে বাঁচার উপায়।
