পাইলস থেকে দূরে থাকতে বদলে ফেলুন ৫ অভ্যাস
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কিছু শারীরিক সমস্যা নিয়ে মানুষ সহজে কথা বলতে চান না। পাইলস বা অর্শ তেমনই একটি রোগ। এটি বেশ পরিচিত ও সাধারণ সমস্যা হলেও এ নিয়ে আলোচনা করতে অনেকেই সংকোচ বোধ করেন। ফলে মাসের পর মাস সমস্যায় ভোগার পরও চিকিৎসকের কাছে যেতে চান না অনেকে। পরিস্থিতি গুরুতর হলে তবেই চিকিৎসা নিতে যান। অথচ সময়মতো সচেতন হলে এবং জীবনযাপনে কিছু পরিবর্তন আনলে এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
পাইলসের সমস্যা থেকে বাঁচতে সাধারণত বেশি আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনই যথেষ্ট নয়। মলত্যাগের অভ্যাস, পর্যাপ্ত পানি পান, বসার ধরন ও শারীরিক সক্রিয়তাও অন্ত্রের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।
১. আঁশযুক্ত খাবারের সঙ্গে পর্যাপ্ত পানি পান
আঁশযুক্ত খাবার মল নরম রাখতে সাহায্য করে। তবে পর্যাপ্ত পানি পান না করলে এই আঁশ উল্টো মল শক্ত করে দিতে পারে। এতে মলত্যাগের সময় অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয়। বিশেষ করে শীতকালে অনেকেই তুলনামূলক কম পানি পান করেন। তাই খাবারে আঁশের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
২. মলত্যাগের চাপ এড়িয়ে যাবেন না
মলত্যাগের বেগ আসার পর তা আটকে রাখলে মল থেকে আরও পানি শোষিত হয়। ফলে পরে মল শক্ত ও শুষ্ক হয়ে যায়। এতে মলত্যাগ কঠিন হয়ে পড়ে। চিকিৎসকদের পরামর্শ, সকালের নাশতার পর কিছুটা সময় হাতে রাখা উচিত। কারণ, এ সময় অন্ত্র তুলনামূলক বেশি সক্রিয় থাকে। তাড়াহুড়া না করে শরীরের স্বাভাবিক নিয়ম মেনে মলত্যাগ করা ভালো।
৩. বসার ধরনে পরিবর্তন আনুন
আগে বেশিরভাগ মানুষ বসে মলত্যাগ করতেন। এখন কমোডের ব্যবহার বেড়েছে। চিকিৎসকদের মতে, কোনো বিশেষ ধরনের টয়লেট ব্যবহারে পাইলস হয়, এমন প্রমাণ নেই। তবে বসে মলত্যাগের সময় পায়ের নিচে ছোট টুল ব্যবহার করে হাঁটু কিছুটা উঁচুতে রাখলে মলত্যাগের পথ তুলনামূলক সোজা হয়। এতে অতিরিক্ত চাপ প্রয়োগের প্রয়োজন কমে। পাশাপাশি দীর্ঘ সময় টয়লেটে বসে থাকা এবং মোবাইল ফোন ব্যবহার করা এড়িয়ে চলা উচিত।
৪. দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না
অফিসের কাজ, দীর্ঘ যাত্রা কিংবা গাড়ি চালানোর কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে মলদ্বারের শিরায় চাপ বাড়তে পারে। তাই প্রতি ঘণ্টায় কয়েক মিনিটের জন্য উঠে হাঁটাচলা করা উচিত। খাবারের পর অল্প সময় হাঁটাও উপকারী। পাশাপাশি নিয়মিত সময়ে খাবার খাওয়া এবং অতিরিক্ত ভাজাপোড়া, পরিশোধিত ও অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো।
৫. উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন
চিকিৎসকরা বলেন, এসব অভ্যাস মলদ্বারের সুস্থতায় সহায়ক হলেও আগে থেকেই পাইলসের সমস্যা থাকলে শুধু জীবনযাত্রার পরিবর্তনে তা সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই। তাই চিকিৎসকের পরীক্ষা করানো জরুরি।
মলত্যাগের সময় রক্তপাতের পেছনে পাইলস ছাড়াও গুরুতর কিছু কারণ থাকতে পারে। মলের সঙ্গে রক্ত যাওয়া, দীর্ঘদিন মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, স্থায়ী ব্যথা কিংবা মলদ্বারে কোনো পিণ্ড তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সিদের নতুন কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে পরীক্ষা করানো উচিত।
চিকিৎসকদের মতে, পাইলস পরিচিত সমস্যা হলেও এ নিয়ে সংকোচের কারণে চিকিৎসা নিতে দেরি করা ঠিক নয়। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে অন্ত্রের সুস্থতা বজায় রাখা সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস

-6afef8a07bab4.jpg)