Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

ছবি- সংগৃহীত

Advertisement

স্থূলতা নারী ও পুরুষের শরীরে একইভাবে প্রভাব ফেলে না। কেন দুই লিঙ্গের মানুষের মধ্যে স্থূলতাজনিত প্রদাহ ও বিপাকীয় সমস্যার পার্থক্য দেখা যায়, তার সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের একদল গবেষক। তাদের নতুন গবেষণায় দেখা গেছে, চর্বি বা ফ্যাট টিস্যুতে থাকা কিছু রোগপ্রতিরোধী কোষ স্থূলতাজনিত প্রদাহ থেকে শরীরকে সুরক্ষা দিতে পারে। আবার কিছু কোষ বিপাকীয় কার্যক্রমে ক্ষতিকর পরিবর্তন ঘটাতে পারে।

ইঁদুরের ওপর পরিচালিত এই গবেষণার ফলাফল ভবিষ্যতে নারী ও পুরুষের শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী স্থূলতার চিকিৎসা পদ্ধতি তৈরিতে সহায়তা করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

‘পিএনএএস নেক্সাস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ইওসিনোফিল নামের এক ধরনের রোগপ্রতিরোধী কোষের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণত অ্যালার্জি ও হাঁপানির সঙ্গে এই কোষের সম্পর্ক রয়েছে বলে পরিচিত।

ফ্যাট টিস্যুতে ছয় ধরনের কোষের সন্ধান

গবেষণায় সিঙ্গেল-সেল সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে ফ্যাট টিস্যুতে ইওসিনোফিলের ছয়টি পৃথক ধরন শনাক্ত করেছেন গবেষকরা। প্রতিটি ধরনের কোষে জিনের কার্যক্রমের ধরন ছিল আলাদা। এতে বোঝা যায়, রোগপ্রতিরোধ ব্যবস্থায় এই কোষগুলোর ভূমিকা আগের ধারণার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়।

গবেষণার প্রধান গবেষক ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, রিভারসাইডের বায়োমেডিক্যাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মীরা নায়ার জানান, ইওসিনোফিলের কিছু ধরন স্থূলতার ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে সুরক্ষা দিতে পারে।

তার মতে, যেসব জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে এসব সুরক্ষামূলক কোষ তৈরি হয়, সেগুলো শনাক্ত করা গেলে বিপাকীয় স্বাস্থ্য উন্নত করার নতুন পথ তৈরি হতে পারে।

নারী ও পুরুষের ফ্যাট টিস্যুতে পার্থক্য

গবেষণায় পুরুষ ও নারী ইঁদুরের ফ্যাট টিস্যুতে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। নারী ইঁদুরের শরীরে এমন এক ধরনের ইওসিনোফিল পাওয়া গেছে, যা ম্যাক্রোফেজ নামের অন্য এক ধরনের রোগপ্রতিরোধী কোষের সঙ্গে তুলনামূলক কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এই পারস্পরিক যোগাযোগ ফ্যাট টিস্যুর পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে বলে ধারণা করছেন গবেষকরা।

অন্যদিকে, উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ানো পুরুষ ইঁদুরের শরীরে এমন ইওসিনোফিলের সংখ্যা বেশি দেখা গেছে, যেগুলো প্রদাহের সঙ্গে সম্পর্কিত এবং সুরক্ষামূলক কার্যক্রমে তুলনামূলক দুর্বল।

গবেষকদের মতে, এসব রোগপ্রতিরোধী কোষের কার্যকারিতা শুধু তাদের সংখ্যার ওপর নির্ভর করে না। বরং কোষগুলোর বৈশিষ্ট্য এবং শরীরের অন্যান্য কোষের সঙ্গে তাদের পারস্পরিক যোগাযোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।    

সুরক্ষামূলক প্রভাবের সঙ্গে সম্পর্কিত প্রোটিন

গবেষণায় ‘রেলম আলফা’ নামের একটি প্রোটিনের সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা। ম্যাক্রোফেজ কোষ থেকে উৎপন্ন এই প্রোটিন নারী ইঁদুরের শরীরে ম্যাক্রোফেজ ও ইওসিনোফিলের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সহায়তা করে বলে দেখা গেছে।

গবেষকদের ধারণা, এই যোগাযোগ ফ্যাট টিস্যুকে স্বাস্থ্যকর রাখতে এবং প্রদাহ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। একই গবেষক দলের আগের পরীক্ষাতেও ইঁদুরের শরীরে এই প্রোটিন প্রয়োগের পর সুরক্ষামূলক প্রভাব দেখা গিয়েছিল।

স্থূলতার চিকিৎসায় আসতে পারে নতুন সম্ভাবনা

গবেষণাটি স্থূলতা সম্পর্কে নতুন ধারণা দিলেও বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন পর্যন্ত পরীক্ষাগুলো ইঁদুরের ওপর পরিচালিত হয়েছে। মানুষের ফ্যাট টিস্যুতেও ইওসিনোফিলের উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে মানবদেহে এই কোষগুলোর সুনির্দিষ্ট কার্যক্রম সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আরও জানতে গবেষক দল ত্রিমাত্রিক অ্যাডিপোজ অর্গানয়েড তৈরি করছেন। এগুলো মানুষের ফ্যাট টিস্যুর ক্ষুদ্র পরীক্ষাগারভিত্তিক মডেল। এর মাধ্যমে রোগপ্রতিরোধী কোষ ও চর্বি কোষের পারস্পরিক যোগাযোগ কীভাবে কাজ করে, তা পরীক্ষা করা হবে।

গবেষক অ্যাডাম গডজিকের মতে, এসব মডেল ব্যবহার করে রোগপ্রতিরোধী কোষগুলোর মধ্যে যোগাযোগের ধরন পরিবর্তন করলে মানব টিস্যুতে স্বাস্থ্যকর প্রতিক্রিয়া তৈরি করা সম্ভব কি না, তা বোঝা যেতে পারে।

বিজ্ঞানীদের আশা, নারী ও পুরুষের রোগপ্রতিরোধ ব্যবস্থার এই পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানা গেলে ভবিষ্যতে ব্যক্তির জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী আরও কার্যকর স্থূলতার চিকিৎসা তৈরি করা সম্ভব হবে। তবে চিকিৎসাক্ষেত্রে এই গবেষণার ফলাফল প্রয়োগের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

সূত্র- সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

বয়স্ক নারীদের যৌন সক্রিয়তা নিয়ে গবেষণায় নতুন তথ্য

বয়স্ক নারীদের যৌন সক্রিয়তা নিয়ে গবেষণায় নতুন তথ্য

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

প্রোস্টেট ক্যানসারের ৫ লক্ষণে সতর্ক হোন

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

শীতের ঠান্ডায় শরীর উষ্ণ রাখবে যেসব খাবার

আরও পড়ুন

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

স্থূলতার প্রভাব নারী-পুরুষের শরীরে আলাদা কেন, জানালেন গবেষকরা

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

গর্ভাবস্থায় অকাল প্রসবের ৬ কারণ, যেসব লক্ষণে সতর্ক হবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

ক্যানসারের ঝুঁকি কমাতে পারে এই ৮ সবজি, যেভাবে রান্না করবেন

একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে গবেষণা

একসঙ্গে হাঁটলে কি সম্পর্কও ভালো হয়, কী বলছে গবেষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম