ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে টেস্টোস্টেরন বৃদ্ধি, মেথির যত গুণ
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মেথি শুধু রান্নার মসলা নয়, ভেষজ উপাদান হিসেবেও দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের খাবারে মেথির ব্যবহার বেশ প্রচলিত। পুষ্টিগুণের পাশাপাশি রক্তে শর্করা নিয়ন্ত্রণ, কোলেস্টেরল কমানো, মায়ের বুকের দুধের উৎপাদন বৃদ্ধি এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে মেথির সম্ভাব্য ভূমিকা নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে। তবে এর সব উপকারিতার পক্ষে এখনো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
মেথি কী ও এর পুষ্টিগুণ
মেথি এক ধরনের ভেষজ উদ্ভিদ। সাধারণত ৬০ থেকে ৯০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এর পাতা সবুজ, ফুল ছোট ও সাদা এবং ফলের ভেতরে সোনালি-বাদামি রঙের বীজ থাকে।
হাজার বছর ধরে ত্বকের সমস্যা ও বিভিন্ন রোগের চিকিৎসায় প্রচলিত ভেষজ পদ্ধতিতে মেথি ব্যবহার হয়ে আসছে। রান্নার মসলা ছাড়াও সাবান ও শ্যাম্পুসহ বিভিন্ন পণ্য তৈরিতে এটি ব্যবহৃত হয়।
এক টেবিল চামচ বা ১১ গ্রাম মেথিতে প্রায় ৩৫ ক্যালরি থাকে। এতে রয়েছে ৩ গ্রাম আঁশ, ৩ গ্রাম প্রোটিন, ৬ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১ গ্রাম চর্বি। এ ছাড়া দৈনিক চাহিদার প্রায় ২১ শতাংশ আয়রন, ৬ শতাংশ ম্যাঙ্গানিজ ও ৫ শতাংশ ম্যাগনেশিয়াম পাওয়া যায়।
বুকের দুধ উৎপাদনে সহায়ক
মায়ের বুকের দুধ শিশুর জন্য সবচেয়ে ভালো পুষ্টির উৎস। তবে অনেক মা পর্যাপ্ত দুধ উৎপাদনে সমস্যায় পড়েন। কিছু গবেষণায় দেখা গেছে, মেথি বুকের দুধের পরিমাণ বাড়াতে সহায়তা করতে পারে।
৭৮ জন নতুন মাকে নিয়ে করা একটি গবেষণায় দেখা যায়, মেথি বীজের ভেষজ চা পানকারীদের বুকের দুধের উৎপাদন বেড়েছে। ফলে তাদের শিশুদের ওজনও তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে। অন্য একটি গবেষণায় মেথি গ্রহণকারী মায়েদের দুধ উৎপাদনের পরিমাণ অন্যদের তুলনায় বেশি পাওয়া যায়।
পুরুষের টেস্টোস্টেরন বাড়াতে পারে
পুরুষদের মধ্যে মেথি সাপ্লিমেন্ট ব্যবহারের অন্যতম কারণ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ানো। কয়েকটি গবেষণায় দেখা গেছে, মেথি গ্রহণের পাশাপাশি ব্যায়াম করলে টেস্টোস্টেরনের মাত্রা বাড়তে পারে। পাশাপাশি শরীরের চর্বি কমা এবং যৌন সক্ষমতা ও যৌন আকাঙ্ক্ষার উন্নতিরও কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভূমিকা
মেথিতে প্রচুর আঁশ রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, দুই মাস ধরে প্রতিদিন দুবার ৫ গ্রাম মেথি বীজের গুঁড়া খাওয়ার ফলে তাদের খালি পেটে রক্তে শর্করার মাত্রা, পেটের চর্বি ও শরীরের ভর সূচক (বিএমআই) কমেছে। দীর্ঘমেয়াদি রক্তে শর্করা নিয়ন্ত্রণের নির্দেশক এইচবিএ১সির মাত্রাও কমেছে।
আরও যেসব উপকারিতা থাকতে পারে
গবেষণায় মেথির আরও কয়েকটি সম্ভাব্য উপকারিতার কথা উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ক্ষুধা ও অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমানো, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস এবং বুকজ্বালা কমানো। প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় মেথির প্রদাহবিরোধী বৈশিষ্ট্যও পাওয়া গেছে। তবে এসব বিষয়ে মানুষের ওপর আরও গবেষণা প্রয়োজন।
পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
সাধারণত পরিমিত পরিমাণে মেথি গ্রহণ নিরাপদ বলে বিবেচিত হয়। তবে অতিরিক্ত গ্রহণে ডায়রিয়া, বদহজম ও ক্ষুধামন্দা দেখা দিতে পারে। কেউ কেউ মেথি সাপ্লিমেন্ট গ্রহণের পর শরীরে অস্বাভাবিক মিষ্টি গন্ধ পাওয়ার কথাও জানিয়েছেন।
মেথি সাপ্লিমেন্টের নির্দিষ্ট কোনো সর্বজনীন মাত্রা নেই। এর ব্যবহার ও মাত্রা নির্ভর করে উদ্দেশ্য এবং সাপ্লিমেন্টের ধরনের ওপর। তাই নিয়মিত ওষুধ গ্রহণকারী, গর্ভবতী নারী কিংবা বুকের দুধ খাওয়ানো মায়েদের মেথি সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: হেলথ লাইন

-6afef8a07bab4.jpg)