শীতকালে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার সঠিক নিয়ম জানেন কি?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
শীতকালে দিনের আলো কমে যাওয়ায় শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে।
|
ফলো করুন |
|
|---|---|
শীতকালে দিনের আলো কমে যাওয়ায় শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিতে পারে। বিশেষ করে যারা পর্যাপ্ত সময় রোদে থাকেন না, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি। শরীরে ভিটামিন ডি-এর পর্যাপ্ত মাত্রা বজায় রাখা শুধু হাড়ের সুস্থতার জন্যই নয়, মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ও মানসিক স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। তবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেলেই হবে না, এটি কখন এবং কীভাবে খাচ্ছেন, সেটিও গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ডি একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তাই এটি শোষণের জন্য খাবারের সঙ্গে থাকা স্বাস্থ্যকর চর্বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সময়ে ও নিয়ম মেনে সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীরে এর শোষণ বাড়তে পারে।
দিনের সবচেয়ে বড় খাবারের সঙ্গে খান
ভিটামিন ডি শরীরে ভালোভাবে শোষিত হওয়ার জন্য চর্বিযুক্ত খাবারের প্রয়োজন। তাই দিনের সবচেয়ে বড় খাবারের সঙ্গে এই সাপ্লিমেন্ট গ্রহণ করলে শরীর এটি তুলনামূলক ভালোভাবে শোষণ করতে পারে।
২০১৯ সালের একটি গবেষণায় মেনোপজ-পরবর্তী সময়ে থাকা এবং শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে এমন নারীদের ওপর এর প্রভাব পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, প্রতিদিন ২ হাজার আন্তর্জাতিক একক (আইইউ) ভিটামিন ডি গ্রহণ করলে তাদের দৃষ্টিশক্তিসংশ্লিষ্ট স্মৃতি, কর্মস্মৃতি ও শেখার সক্ষমতার উন্নতি ঘটে। তবে এর চেয়ে বেশি মাত্রায় ভিটামিন ডি গ্রহণের ক্ষেত্রে কিছু নেতিবাচক প্রভাবও দেখা যায়।
গবেষণায় অংশ নেওয়া নারীদের ভালো শোষণের জন্য দিনের সবচেয়ে বড় খাবারের সঙ্গে ভিটামিন ডি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছিল।
ভিটামিন ডি সাপ্লিমেন্টের সঙ্গে যেসব স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—
- অ্যাভোকাডো
- অলিভ অয়েল
- বিভিন্ন ধরনের বাদাম ও বীজ
- স্যামনের মতো চর্বিযুক্ত মাছ
দুপুরের দিকে সাপ্লিমেন্ট গ্রহণ করুন
সূর্যের আলো ত্বকে পড়লে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে। সাধারণত সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে সূর্যের আলো সবচেয়ে বেশি থাকে। তবে ঋতু ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী এর তারতম্য হতে পারে।
যারা পর্যাপ্ত সূর্যের আলো পান না, তাদের ক্ষেত্রে দুপুরের দিকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ শরীরের স্বাভাবিক ভিটামিন ডি বৃদ্ধির সময়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়তা করতে পারে। দিনের এই সময়ে লিভারও ভিটামিন ডি প্রক্রিয়াজাত করতে তুলনামূলক ভালোভাবে কাজ করতে পারে বলে কিছু গবেষণায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া দুপুরের দিকে শরীরে ভিটামিন ডি-এর মাত্রা বাড়লে মেলাটোনিন হরমোন উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই হরমোন ঘুমের স্বাভাবিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ঘুমের মান ভালো হওয়ার পাশাপাশি মেজাজ ও মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও পরোক্ষ ইতিবাচক প্রভাব পড়তে পারে।
কিছু গবেষণায় ভিটামিন ডি গ্রহণের সময়ের সঙ্গে সেরোটোনিন হরমোনের সম্পর্কের কথাও বলা হয়েছে। সেরোটোনিন মেজাজ ও ঘুম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ভিটামিন ডি গ্রহণের সময় ঘুম ও মানসিক স্বাস্থ্যে ঠিক কী ধরনের প্রভাব ফেলে, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
শীত আসার আগেই শুরু করুন
শীতকালে সূর্যের আলো কম পাওয়া যায়। ফলে ত্বকে সূর্যের আলো পড়ে শরীরের স্বাভাবিক ভিটামিন ডি তৈরির প্রক্রিয়াও কমে যায়। এ সময় শরীরে ভিটামিন ডি-এর মাত্রা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
গবেষণায় ভিটামিন ডি-এর নিম্নমাত্রার সঙ্গে সেরোটোনিনের ঘাটতির সম্পর্ক পাওয়া গেছে। এর প্রভাব পড়তে পারে মেজাজের ওপর। এমনকি বিষণ্নতা ও সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার ঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
তাই শীত শুরু হওয়ার আগে থেকেই শরীরে ভিটামিন ডি-এর পর্যাপ্ত মাত্রা বজায় রাখার দিকে নজর দেওয়া প্রয়োজন। শীতজুড়েও এর মাত্রা ঠিক রাখতে প্রয়োজন অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে।
তবে সিজনাল অ্যাফেকটিভ ডিসঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার চিকিৎসায় ভিটামিন ডি কতটা কার্যকর, তা নিয়ে গবেষণার ফল একরকম নয়। কিছু গবেষণায় এটিকে লাইট থেরাপির মতো কার্যকর পাওয়া গেলেও অন্য কিছু গবেষণায় উল্লেখযোগ্য উপকারের প্রমাণ মেলেনি।
সতর্কতা
দীর্ঘদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের পরিকল্পনা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে অন্য কোনো ওষুধ সেবন করলে কিংবা শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে কি না, তা নিশ্চিত না হয়ে অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। প্রয়োজনের তুলনায় বেশি ভিটামিন ডি গ্রহণ শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

