বসকে বেতন বাড়ানোর দাবি জানানোর ৮ কৌশল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের পরিধি বাড়লেও অনেক সময় সেই অনুপাতে বেতন বাড়ে না। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করা কিংবা নতুন দক্ষতা অর্জনের পরও প্রত্যাশিত বেতন না পেলে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে অনেকেই বেতন বাড়ানোর কথা ভাবেন। কিন্তু কীভাবে বস বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাছে বিষয়টি তুলে ধরবেন, তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে।
বেতন বৃদ্ধির আলোচনা করতে হলে শুধু ব্যক্তিগত প্রয়োজনের কথা বললে চলে না। বরং প্রতিষ্ঠানে নিজের অবদান, কাজের দক্ষতা, অভিজ্ঞতা ও অর্জনের ভিত্তিতে যৌক্তিক দাবি উপস্থাপন করতে হয়। ক্যারিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কিছু কৌশল অনুসরণ করলে বেতন বাড়ানোর আলোচনা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
১. সঠিক সময় নির্বাচন করুন
বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়ার আগে উপযুক্ত সময় বেছে নেওয়া জরুরি। প্রতিষ্ঠানের বার্ষিক কর্মমূল্যায়ন, বড় কোনো প্রকল্প সফলভাবে শেষ করা কিংবা নতুন দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে কথা বলতে পারেন। পারফরম্যান্স রিভিউতে ভালো মূল্যায়ন পেলে সেটি আপনার দাবির পক্ষে যুক্তি হিসেবে কাজ করবে। তবে প্রতিষ্ঠানে আর্থিক সংকট বা কর্মী ছাঁটাইয়ের মতো পরিস্থিতি থাকলে আলোচনার সময় বিবেচনা করুন।
২. নিজের অর্জনের তালিকা তৈরি করুন
গত কয়েক মাস বা এক বছরে প্রতিষ্ঠানের জন্য কী কী কাজ করেছেন, তার একটি তালিকা তৈরি করুন। নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কাজ, নতুন উদ্যোগ, খরচ কমানো কিংবা প্রতিষ্ঠানের আয় ও সেবার মান বাড়াতে আপনার ভূমিকা তুলে ধরুন। সম্ভব হলে কাজের ফলাফল পরিসংখ্যানের মাধ্যমে উপস্থাপন করুন।
৩. বাজারদর সম্পর্কে জানুন
আপনার পদ, অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য প্রতিষ্ঠানের বেতন কাঠামো সম্পর্কে ধারণা নিন। চাকরির ওয়েবসাইট, বেতনবিষয়ক তথ্যভান্ডার এবং পেশাজীবীদের নেটওয়ার্ক থেকে এ তথ্য সংগ্রহ করতে পারেন।
৪. আলোচনার জন্য আগে থেকে সময় চান
হঠাৎ বসের কাছে গিয়ে বেতন বাড়ানোর দাবি না জানিয়ে আনুষ্ঠানিক বৈঠকের সময় চান। আলোচনার বিষয় আগে জানালে ব্যবস্থাপকও প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এতে কথাবার্তা পেশাদার পরিবেশে এগিয়ে নেওয়া সহজ হবে।
৫. প্রত্যাশিত বেতন নির্দিষ্ট করুন
কত টাকা বেতন বাড়াতে চান, তা আগে থেকেই ঠিক করুন। যেমন, বর্তমানে ৩০ হাজার টাকা বেতন পেলে কাজের পরিধি, অভিজ্ঞতা ও বাজারদর বিবেচনায় ৩৫ হাজার টাকা প্রত্যাশার কথা জানাতে পারেন। তবে দাবির পক্ষে যৌক্তিক ব্যাখ্যা থাকা প্রয়োজন।
৬. ব্যক্তিগত সমস্যার বদলে অবদান তুলে ধরুন
বাসাভাড়া, সংসার খরচ কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বেতন বাড়ানোর প্রধান যুক্তি হিসেবে না তুলে ধরাই ভালো। বরং প্রতিষ্ঠানের জন্য আপনার কাজের মূল্য, দায়িত্ব ও অর্জন তুলে ধরুন। বোঝানোর চেষ্টা করুন, আপনার বেতন বৃদ্ধি প্রতিষ্ঠানের জন্যও যৌক্তিক বিনিয়োগ।
৭. প্রত্যাখ্যাত হলে বিকল্প সুবিধা চান
বাজেট বা নীতিমালার কারণে প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে বেতন বাড়াতে না-ও পারে। এমন হলে কোন ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন এবং কতদিন পর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে, তা জানতে চান। পাশাপাশি বোনাস, যাতায়াত বা খাবার ভাতা, স্বাস্থ্যসুবিধা, অতিরিক্ত ছুটি কিংবা প্রশিক্ষণের সুযোগ নিয়েও আলোচনা করতে পারেন।
৮. আলোচনার পর যোগাযোগ রাখুন
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী, তা লিখিতভাবে নিশ্চিত করে রাখা ভালো। নির্ধারিত সময়ে উত্তর না পেলে ভদ্রভাবে ই-মেইল বা সরাসরি যোগাযোগ করে অগ্রগতি জানতে পারেন। তবে বারবার তাগাদা দিয়ে চাপ সৃষ্টি করা উচিত নয়।
যেসব ভুল এড়িয়ে চলবেন
বেতন বাড়ানোর আলোচনায় সহকর্মীর বেতনের সঙ্গে নিজের বেতন তুলনা করে অভিযোগ করা, আবেগপ্রবণ হওয়া কিংবা অন্য প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাবকে হুমকি হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিজের অর্জন অতিরঞ্জিত করাও ঠিক নয়। বরং বসের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে যুক্তি ও তথ্যের ভিত্তিতে নিজের প্রত্যাশা তুলে ধরুন।
মনে রাখতে হবে, বেতন বৃদ্ধি চাওয়া কর্মজীবনের স্বাভাবিক একটি বিষয়। নিজের কাজের যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করা যৌক্তিক। তবে সেই প্রত্যাশা পূরণে পেশাদার আচরণ, সঠিক প্রস্তুতি ও বাস্তবসম্মত যুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

