সন্তান নেওয়ার পরিকল্পনা করলে খাদ্যতালিকায় রাখুন এসব খাবার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি- সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সন্তান নেওয়ার পরিকল্পনা করলে জন্মনিয়ন্ত্রণ বন্ধ করে নিয়মিত চেষ্টা করেও অনেকের দ্রুত গর্ভধারণ হয় না। বিশেষজ্ঞদের মতে, সুস্থ দম্পতির ক্ষেত্রেও গর্ভধারণে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে নারীর বয়স ৩৫ বছর বা বেশি হলে ছয় মাস চেষ্টা করেও গর্ভধারণ না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রায় ১০ থেকে ১৫ শতাংশ দম্পতি সন্তান ধারণে সমস্যার মুখোমুখি হন। এ ক্ষেত্রে নারী, পুরুষ কিংবা উভয়ের প্রজননস্বাস্থ্যজনিত সমস্যা দায়ী হতে পারে। এন্ডোমেট্রিওসিস ও পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) মতো সমস্যাও গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কিছু পরিবর্তন স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে।
গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে যেসব খাবার খাবেন
ফলমূল, শাকসবজি, পূর্ণ শস্য, ডাল, দুধ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার নিয়মিত খেলে প্রজননস্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পুষ্টিবিদদের মতে, উদ্ভিজ্জ খাবার বেশি খাওয়া, মিষ্টি কমানো এবং কোমল পানীয়ের পরিবর্তে পানি পান করা উপকারী।
এক গবেষণায় দেখা গেছে, দিনে তিন বা তার বেশি কোমল পানীয় পান করা নারীদের গর্ভধারণের হার তুলনামূলক কম। পুরুষদের ক্ষেত্রেও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও লাল মাংস শুক্রাণুর ঘনত্ব কমাতে পারে। অন্যদিকে, ফলমূল, শাকসবজি ও পূর্ণ শস্যের অ্যান্টিঅক্সিডেন্ট শুক্রাণুর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন
অতিরিক্ত ওজন কিংবা কম ওজন—দুটিই গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত শরীরের চর্বি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, অন্যদিকে কম ওজন ডিম্বস্ফোটন বন্ধ করে মাসিক অনিয়মিত হওয়ার কারণ হতে পারে।
পুরুষদের অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরল শুক্রাণুর মান কমাতে পারে। তাই স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
ফলিক অ্যাসিড ও প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করুন
গর্ভধারণের পরিকল্পনা থাকলে অন্তত তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিডযুক্ত প্রিনাটাল ভিটামিন গ্রহণের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। এটি গর্ভধারণের প্রস্তুতি এবং ভ্রূণের স্নায়ুতন্ত্রের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া ওমেগা-৩, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার খাওয়া উপকারী। তবে পুষ্টির ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়।
প্লাস্টিক ও ক্ষতিকর রাসায়নিক এড়িয়ে চলুন
প্লাস্টিকের পাত্র, খাবারের মোড়ক ও কিছু প্রসাধনীতে থাকা বিপিএ এবং ফথালেটের মতো রাসায়নিক হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই প্লাস্টিকের পাত্রে খাবার গরম না করা, স্টিলের পানির বোতল ব্যবহার করা এবং খাবার কাচের পাত্রে সংরক্ষণ করা ভালো।
ধূমপান ও গাঁজা থেকে দূরে থাকুন
ধূমপান নারীদের ডিম্বাণুর গুণগত মান ও সরবরাহ কমাতে পারে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা, গতি ও নিষিক্ত করার ক্ষমতা কমে যেতে পারে। ই-সিগারেট ও গাঁজাও প্রজননস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই সন্তান নেওয়ার পরিকল্পনা থাকলে এসব অভ্যাস আগেভাগেই পরিহার করা উচিত।
অ্যালকোহল ও ক্যাফেইন কমান
গর্ভধারণের পরিকল্পনায় অ্যালকোহল এড়িয়ে চলাই নিরাপদ। পাশাপাশি প্রতিদিন ক্যাফেইন গ্রহণ ২০০ মিলিগ্রামের মধ্যে সীমিত রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, যা প্রায় ১২ আউন্স বা ৩৫৫ মিলিলিটার কফির সমান।
প্রচলিত ভুল ধারণা এড়িয়ে চলুন
গর্ভধারণের জন্য আনারসের মাঝের অংশ খাওয়া, দ্রুত ওজন কমানো কিংবা হারবাল সাপ্লিমেন্ট গ্রহণের মতো পরামর্শ প্রচলিত থাকলেও এগুলোর কার্যকারিতার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। এসব পদ্ধতির ওপর নির্ভর না করে কোনো সমস্যা বা উদ্বেগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
সন্তান নেওয়ার পরিকল্পনায় সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর ওজন, প্রয়োজনীয় পুষ্টি, ধূমপান পরিহার এবং নারী-পুরুষ উভয়ের প্রজননস্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এসব অভ্যাস গর্ভধারণের অনুকূল পরিবেশ তৈরিতে সহায়তা করতে পারে।

-6afd22d233c7c.jpg)