রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন ৮ সুপারফুড
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
ছবি- সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শীত ও ঠান্ডাজনিত অসুস্থতার মৌসুম এলেই শরীর সুস্থ রাখতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দেন অনেকে। এ ক্ষেত্রে শুধু ওষুধ বা সাপ্লিমেন্ট নয়, প্রতিদিনের খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুষ্টিকর খাবার শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে স্বাভাবিকভাবে কাজ করতে সহায়তা করে।
শীতকালে সর্দি-কাশি ও ফ্লুর প্রকোপ বাড়লেও শুধু এ মৌসুমেই রোগ প্রতিরোধ ক্ষমতার যত্ন নেওয়া জরুরি নয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোগের বিস্তার এবং মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত বেড়ে যাওয়ায় সংক্রামক রোগের ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।
এসব পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও নিজের শরীরের যত্ন নেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব। প্রতিদিনের খাবারের মধ্যেই এমন কিছু উপাদান রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর রাখতে সাহায্য করতে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে খাদ্যতালিকায় রাখতে পারেন এমন আটটি উপকারী খাবার।
১. ব্রকলি
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ব্রকলি বেশ উপকারী। কাঁচা কিংবা রান্না করে—দুইভাবেই খাওয়া যায় এই সবজি। এতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্রকলিতে থাকা বি-ভিটামিন শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সাহায্য করে। পাশাপাশি এটি উদ্ভিজ্জ ক্যালসিয়ামেরও ভালো উৎস।
ঠান্ডায় যাদের আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যায়, তাদের জন্যও ব্রকলি উপকারী হতে পারে। ব্রকলিসহ বিভিন্ন ক্রুসিফেরাস সবজিতে থাকা সালফোরাফেন প্রদাহ ও জয়েন্টের ক্ষতির সঙ্গে সম্পর্কিত কিছু এনজাইমের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে।
২. হলুদ
দীর্ঘস্থায়ী মৃদু প্রদাহ কমাতে খাবারে হলুদ যোগ করতে পারেন। হলুদে থাকা কারকিউমিন প্রদাহবিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। তবে কালো গোলমরিচের সঙ্গে খেলে কারকিউমিন শরীরে শোষিত হতে তুলনামূলক বেশি সহায়তা পায়।
কালো গোলমরিচের পিপেরিন কারকিউমিনের শোষণ বাড়াতে সাহায্য করে। তাই হলুদ ও গোলমরিচ একসঙ্গে খাবারে ব্যবহার করা যেতে পারে।
ভারতীয় বিভিন্ন রান্না, যেমন চিকেন টিক্কা মসালায় হলুদের ব্যবহার রয়েছে। চাইলে সকালের চা বা কফিতেও সামান্য হলুদ ও গোলমরিচ যোগ করে খেতে পারেন।
৩. লাল ক্যাপসিকাম
কমলার তুলনায় প্রায় তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে লাল ক্যাপসিকামে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ ঠান্ডাজনিত অসুস্থতার স্থায়িত্ব কিছুটা কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে অসুস্থতার শুরুতেই শরীরে এর পর্যাপ্ত উপস্থিতি থাকলে।
দুপুরের সালাদ, স্যান্ডউইচ কিংবা রুটির সঙ্গে লাল ক্যাপসিকামের কয়েকটি টুকরো যোগ করে সহজেই খাদ্যতালিকায় এই পুষ্টি উপাদান রাখতে পারেন।
৪. সামুদ্রিক খাবার
সর্দি-কাশি ও ফ্লুর উপসর্গ কমাতে ব্যবহৃত অনেক ওষুধ বা সাপ্লিমেন্টে ভিটামিন সি-এর পাশাপাশি জিঙ্ক থাকে। অসুস্থতার শুরুতে শরীরে পর্যাপ্ত জিঙ্ক থাকলে সর্দির স্থায়িত্ব কমাতে সহায়তা করতে পারে। সামুদ্রিক খাবার জিঙ্কের অন্যতম উৎস। বিভিন্ন ধরনের মাছ ও সামুদ্রিক খাবারে এই খনিজ পাওয়া যায়।
এ ছাড়া সামুদ্রিক খাবারে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রের সুস্থতার জন্য প্রয়োজনীয়। এই স্বাস্থ্যকর চর্বি রক্তনালিতে ক্ষতিকর প্লাক জমার ঝুঁকি কমাতেও ভূমিকা রাখতে পারে।
শরীরের সুস্থতার জন্য ওমেগা-৩ ও ওমেগা-৬—দুই ধরনের ফ্যাটি অ্যাসিডই প্রয়োজন। গবেষকদের মতে, এই দুই ফ্যাটি অ্যাসিড গ্রহণের আদর্শ অনুপাত প্রায় ৩:১ হওয়া উচিত। তবে অনেক মার্কিন নাগরিকের খাদ্যাভ্যাসে ওমেগা-৬-এর পরিমাণ ওমেগা-৩-এর তুলনায় অনেক বেশি। কোনো কোনো গবেষকের ধারণা, এই ভারসাম্যহীনতা স্থূলতা ও দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে।
খাদ্যতালিকায় সামুদ্রিক খাবার বাড়ালে ওমেগা-৩ গ্রহণ বাড়ানো এবং দুই ধরনের ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

