চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যা ঘটে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সকালে ক্ষুধা না পেলে চা-বিস্কুট দিয়ে হালকা নাস্তা করা যেতে পারে। এভাবে টানা এক মাস খেলে শরীরে উপর বড় প্রভাব পড়তে পারে।
চিনি দেওয়া চা এবং ময়দা, ফ্যাট ও অতিরিক্ত চিনি দিয়ে তৈরি বিস্কুট এক সঙ্গে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কারণ, এই খাবারগুলিতে পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি, অথচ প্রোটিন ও ফাইবার তুলনায় কম। এ কারণে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি। ফলে শরীরে শর্করা শোষিত হয় দ্রুত। রক্তে শর্করার মাত্রা সামলাতে ইনসুলিনও নিঃসৃত হয় বেশি পরিমাণে। দিনের পর দিন এমন চলতে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়।
চা-বিস্কুট খেয়ে সাময়িক ভাবে পেট ভরলেও তা দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখতে পারে না। বিস্কুটে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকায় খাবার হজম হয়ে যাওয়ার পর ফের খিদে পেতে পারে। কারও কারও ক্ষেত্রে এর সঙ্গে ক্লান্তি, বিরক্তি বা কাজে মনোযোগের অভাবও দেখা যায়। দীর্ঘদিন এমন খাবার খেলে রক্তে শর্করার ওঠানামা এবং ইনসুলিনের কার্যকারিতার উপর প্রভাব পড়তে পারে।
চা-বিস্কুটে ক্যালোরি থাকলেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি সবটা মেলে না। এই খাবারে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ও খনিজের পরিমাণ সাধারণত কম। বরং পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি এবং ট্রান্স বা স্যাচুরেটেড ফ্যাটে ভর্তি। নিয়মিত প্রোটিনের অভাব থাকলে পেশির স্বাস্থ্য এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে।
এর ফলে কী কী হতে পারে?
· ফাইবারের অভাবে হজমপ্রক্রিয়ার গোলমাল এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে।
· চায়ের ট্যানিন আয়রন শোষণ ব্যাহত করে, তাই রক্তাল্পতা দেখা দিতে পারে।
· বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও ফ্যাটের কারণে অপ্রয়োজনীয় ক্যালোরি শরীরে ঢুকতে পারে।
· নিয়মিত বেশি পরিমাণে বিস্কুট খেলে ওজন ও কোলেস্টেরলের মাত্রার উপরেও প্রভাব পড়তে পারে।
· চা-বিস্কুটের অভ্যাসে অম্বলের সমস্যাও বাড়তে পারে কারও কারও।
· প্রতিদিন এমন শরীরে পুষ্টির ঘাটতি তৈরি করতে পারে।
তবে মাত্র ৩০ দিন চা-বিস্কুট খেলেই ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবিটিস তৈরি হবে, এমন সিদ্ধান্তে পৌঁছোনো ঠিক নয়। খাবারের পরিমাণ, সারাদিনের খাদ্যাভ্যাস, শারীরচর্চা এবং ব্যক্তির শারীরিক অবস্থার উপর এর প্রভাব নির্ভর করে।
কী করণীয়?
সকালের চায়ের অভ্যাস একেবারে ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। চায়ে চিনি কমিয়ে আদা, এলাচ বা দারচিনি দিয়ে স্বাদ বাড়ানো যেতে পারে। তবে বিস্কুটের বদলে প্রতিদিন পুষ্টিকর খাবার রাখাই ভালো। মাখানা, ওট্সের চিলা, বেসনের চিলা, ডিম সেদ্ধ ইত্যাদি খাবার খাওয়া উচিত সকালে।
