Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

দিনের শেষে মিষ্টি কিছু খেতে মন চায়? জানুন এর পেছনের মানসিক কারণ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

দিনের শেষে মিষ্টি কিছু খেতে মন চায়? জানুন এর পেছনের মানসিক কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরেই চকলেট, মিষ্টি কিংবা বিস্কুট খেতে ইচ্ছে করে অনেকের। আবার দীর্ঘ সময় পড়াশোনা, অফিসের কাজ বা শারীরিক ব্যায়ামের পরও দেখা দিতে পারে মিষ্টিজাতীয় খাবারের প্রতি বাড়তি আকর্ষণ। অনেকেই মনে করেন, শরীরের শক্তি কমে যাওয়ার কারণেই এমনটা হয়।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, বিষয়টি কেবল শক্তির ঘাটতির সঙ্গে সম্পর্কিত নয়। এর পেছনে রয়েছে মানসিক ক্লান্তি, হরমোনের প্রভাব, ঘুমের অভাব, মানসিক চাপ এবং মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির বিশেষ প্রক্রিয়া।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে মিষ্টি খাবারের প্রতি এমন আকাঙ্ক্ষার কারণ ব্যাখ্যা করেছেন মুম্বাইয়ের জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পরামর্শক নিউরোলজিস্ট ও নিউরোমাসকুলার ডিজঅর্ডার বিশেষজ্ঞ ডা. বিনয়া ভান্ডারি।

মিষ্টি খাবারের প্রতি মস্তিষ্কের এত আকর্ষণ কেন?

মানবদেহের সবচেয়ে বেশি শক্তি ব্যবহারকারী অঙ্গগুলোর একটি হলো মস্তিষ্ক। শরীরের মোট ওজনের মাত্র ২ শতাংশ মস্তিষ্কের হলেও বিশ্রামকালেও শরীরের মোট শক্তির প্রায় ২০ শতাংশ ব্যবহার করে এটি। সাধারণত গ্লুকোজই মস্তিষ্কের প্রধান শক্তির উৎস।

তবে মানসিক পরিশ্রমের পর ক্লান্তি অনুভব করলেই মস্তিষ্কে গ্লুকোজের ঘাটতি তৈরি হয়েছে, এমন ধারণা সঠিক নয়। কারণ শরীর স্বাভাবিকভাবেই মস্তিষ্কে গ্লুকোজের সরবরাহ স্থিতিশীল রাখার ব্যবস্থা করে।

এছাড়া ক্ষুধা ও পেট ভরা থাকার অনুভূতি নিয়ন্ত্রণে কয়েকটি হরমোন কাজ করে। এর মধ্যে ঘ্রেলিন ও লেপটিন উল্লেখযোগ্য। ঘ্রেলিনকে ক্ষুধার হরমোন বলা হয়। এটি মূলত পাকস্থলীতে তৈরি হয়ে মস্তিষ্ককে খাবার গ্রহণের সংকেত দেয়। সাধারণত খাবার খাওয়ার আগে এর মাত্রা বেড়ে যায় এবং খাওয়ার পর কমে আসে।

অন্যদিকে শরীরের চর্বিকোষ থেকে নিঃসৃত হয় লেপটিন। এটি মস্তিষ্ককে পেট ভরে যাওয়ার সংকেত দেওয়ার পাশাপাশি শরীরের দীর্ঘমেয়াদি শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে মিষ্টি খাবারের প্রতি বিশেষ আকর্ষণ তৈরির পেছনে এসব হরমোনের পাশাপাশি মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির ব্যবস্থাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানসিক ক্লান্তিতে মিষ্টি খাওয়ার ইচ্ছা বাড়ে কেন?

দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে কাজ করলে একপর্যায়ে মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। তখন কঠিন বা চিন্তানির্ভর কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ কমে যায়। এমন পরিস্থিতিতে মানুষ দ্রুত আনন্দ বা তৃপ্তি পাওয়া যায়, এমন কিছুর দিকে বেশি ঝুঁকতে পারেন। মিষ্টি খাবারও সেই তালিকায় রয়েছে।

ডা. বিনয়া ভান্ডারির মতে, চিনিসমৃদ্ধ খাবার মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির ব্যবস্থাকে সক্রিয় করে। এ প্রক্রিয়ার সঙ্গে ডোপামিন নামের রাসায়নিক বার্তাবাহক জড়িত। এটি আনন্দ, প্রেরণা, পুরস্কারপ্রাপ্তি এবং শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে মানসিকভাবে ক্লান্ত থাকার সময় মিষ্টি খাবার অন্য সময়ের তুলনায় বেশি আকর্ষণীয় মনে হতে পারে।

২০২৫ সালে 'ট্রেন্ডস ইন কগনিটিভ সায়েন্সেস' সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণাতেও মানসিক ক্লান্তির এমন প্রভাবের কথা উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, মানসিক ক্লান্তি চিন্তাশক্তিনির্ভর কাজকে কঠিন মনে করাতে পারে। একই সঙ্গে তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কার পাওয়া যায়, এমন বিকল্প বেছে নেওয়ার প্রবণতাও বাড়াতে পারে।

মানসিক চাপ ও অপর্যাপ্ত ঘুমের প্রভাব

মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা বাড়ার আরেকটি কারণ হতে পারে মানসিক চাপ। চাপের পরিস্থিতিতে শরীরে কর্টিসল নামের হরমোন নিঃসৃত হয়। এটি স্ট্রেস হরমোন হিসেবে পরিচিত এবং ক্ষুধা ও বিপাকপ্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ডা. ভান্ডারির ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে থাকলে কিছু মানুষের চিনি ও চর্বিযুক্ত খাবারের প্রতি আগ্রহ বেড়ে যেতে পারে। এ ধরনের খাবার সাময়িক স্বস্তি ও আনন্দের অনুভূতি দিতে পারে বলে অনেকে এগুলোর প্রতি আকৃষ্ট হন।

এ ক্ষেত্রে ঘুমের অভাবও প্রভাব ফেলতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী ঘ্রেলিন ও লেপটিনের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। পাশাপাশি খাবারের প্রতি মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়াও প্রভাবিত হতে পারে। তবে ঘুমের ঘাটতির কারণে এসব হরমোনে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার ফলাফল এখনো পুরোপুরি একমত নয়।

ব্যায়ামের পর মিষ্টি খেতে ইচ্ছে করার কারণ কী?

মানসিক ক্লান্তির কারণে মিষ্টি খেতে চাওয়া এবং ব্যায়ামের পর একই ধরনের আকাঙ্ক্ষা তৈরি হওয়ার পেছনে কারণ ভিন্ন হতে পারে। দীর্ঘ সময় বা বেশি তীব্রতার ব্যায়াম করলে পেশি শক্তির জন্য শরীরে জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার করে। ব্যায়াম শেষে কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করলে শরীরের এই শক্তির ভান্ডার পুনরায় পূরণ হতে সাহায্য করে।

ডা. বিনয়া ভান্ডারির মতে, শারীরিক পরিশ্রমের পর শরীরের শক্তির চাহিদা এবং মানসিক ক্লান্তির কারণে মিষ্টি খাওয়ার ইচ্ছা—দুটি আলাদা বিষয়। তাই মানসিকভাবে ক্লান্ত হলেই মস্তিষ্কের বাড়তি গ্লুকোজ প্রয়োজন, এমনটা ভাবার কারণ নেই।

মিষ্টি খেলেই কি ক্লান্তি দূর হয়?

ক্লান্তি কাটাতে অনেকেই চকলেট, বিস্কুট কিংবা অন্যান্য চিনিসমৃদ্ধ খাবার বেছে নেন। এসব খাবার খেলে সাময়িক আনন্দ বা তৃপ্তি মিললেও তা যে মনোযোগ বাড়াবে কিংবা ক্লান্তি দূর করবে, তার নিশ্চয়তা নেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে ২০১৯ সালে 'নিউরোসায়েন্স অ্যান্ড বায়োবিহেভিয়ারাল রিভিউজ' সাময়িকীতে প্রকাশিত একটি পদ্ধতিগত পর্যালোচনা ও মেটা-বিশ্লেষণের তথ্য উল্লেখ করা হয়েছে। ৩১টি গবেষণায় অংশ নেওয়া ১ হাজার ২৫৯ জনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, কার্বোহাইড্রেট গ্রহণের ফলে মেজাজ ভালো হওয়ার উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং খাবার গ্রহণের পর প্রথম এক ঘণ্টায় সতর্কতা কমে যাওয়া এবং ক্লান্তি বেড়ে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

বিশেষজ্ঞের মতে, মিষ্টি খাওয়ার পর মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির প্রক্রিয়া সক্রিয় হওয়ায় আনন্দ অনুভূত হতে পারে। কিন্তু সেই অনুভূতিকে মানসিক সতর্কতা বৃদ্ধি কিংবা ক্লান্তি দূর হওয়ার প্রমাণ হিসেবে দেখা ঠিক নয়।

মিষ্টি খাওয়ার প্রবণতা কমাতে কী করবেন?

দিনের শেষে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলেই চিনিসমৃদ্ধ খাবারের ওপর নির্ভর না করে নিজের খাদ্যাভ্যাস ও জীবনযাপনের দিকে নজর দেওয়া জরুরি। ডা. বিনয়া ভান্ডারির পরামর্শ অনুযায়ী, প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, আঁশ ও জটিল কার্বোহাইড্রেট রাখা উপকারী। এসব পুষ্টি উপাদান দীর্ঘ সময় পেট ভরা রাখতে এবং শরীরের শক্তির জোগান বজায় রাখতে সহায়তা করে।

এছাড়া মিষ্টি খাওয়ার ইচ্ছা দেখা দিলে আগে বোঝার চেষ্টা করা উচিত, শরীর আসলে কী চাইছে। কখনো পর্যাপ্ত খাবারের প্রয়োজন হতে পারে, কখনো পানি পান করা জরুরি হতে পারে। আবার মানসিক চাপ বা ক্লান্তি থাকলে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া কিংবা পর্যাপ্ত ঘুমের প্রয়োজনও হতে পারে।

দিনের শেষে মিষ্টি খাওয়ার তীব্র আকাঙ্ক্ষাকে শুধু শরীরে গ্লুকোজের ঘাটতি হিসেবে ব্যাখ্যা করা যায় না। মানসিক ক্লান্তি, দীর্ঘস্থায়ী চাপ, ঘুমের অভাব এবং মস্তিষ্কের পুরস্কারপ্রাপ্তির প্রক্রিয়া—সবকিছু মিলেই তৈরি হতে পারে এই প্রবণতা। তাই সাময়িক তৃপ্তির জন্য বারবার মিষ্টি খাওয়ার পরিবর্তে শরীর ও মনের প্রকৃত প্রয়োজন বুঝে জীবনযাপনে ভারসাম্য আনা বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দিনের শেষে মিষ্টি কিছু খেতে মন চায়? জানুন এর পেছনের মানসিক কারণ

দিনের শেষে মিষ্টি কিছু খেতে মন চায়? জানুন এর পেছনের মানসিক কারণ

ঘাড়ে কালচে ছোট ছোট আঁচিল, হতে পারে বিপদ

ঘাড়ে কালচে ছোট ছোট আঁচিল, হতে পারে বিপদ

নারীর ঘামের গন্ধে আকৃষ্ট হন পুরুষ

নারীর ঘামের গন্ধে আকৃষ্ট হন পুরুষ

শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কম? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কম? খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম