|
ফলো করুন |
|
|---|---|
শুধু সুন্দর চেহারা, মিষ্টি হাসি কিংবা মায়াবী কণ্ঠস্বরই নয়। মানুষের শরীরের স্বাভাবিক গন্ধও আকর্ষণ তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারীর ঘামের গন্ধ পুরুষের মনে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য।
নারীর বিশেষ কিছু মানসিক অবস্থার সঙ্গে তার শরীরের গন্ধের সম্পর্ক থাকতে পারে। আর সেই গন্ধ পুরুষের অনুভূতি ও আকর্ষণের ওপর প্রভাব ফেলতে পারে। কাউকে চোখে না দেখেও তার শরীরের গন্ধের মাধ্যমে মস্তিষ্কে তৈরি হতে পারে একধরনের অনুভূতি।
ঘামের গন্ধ কি শুধু শরীরের সংকেত?
ঘাম হলেই সাধারণত আমরা অস্বস্তি বোধ করি। বিশেষ করে গরমের দিনে ঘামের গন্ধ এড়াতে অনেকেই নানা ধরনের সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু গবেষকদের মতে, শরীরের স্বাভাবিক গন্ধের কাজ শুধু ঘামের উপস্থিতি জানান দেওয়া নয়। এর মধ্যেও থাকতে পারে নানা ধরনের রাসায়নিক সংকেত।
আমাদের শরীর থেকে নির্গত কিছু প্রাকৃতিক উপাদান অন্য মানুষের অনুভূতি ও আচরণে প্রভাব ফেলতে পারে। আমরা সচেতনভাবে সেই গন্ধের অর্থ বুঝতে না পারলেও মস্তিষ্ক সেটির
প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারে। আর এ কারণেই কখনো কখনো কারও শরীরের স্বাভাবিক গন্ধ আমাদের কাছে ভালো লাগতে পারে।
নারীর কোন গন্ধ বেশি আকর্ষণীয় লাগে পুরুষের?
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডের প্রতিবেদনে গবেষণাটির ফলাফল তুলে ধরা হয়েছে। গবেষকেরা বিভিন্ন পরিস্থিতিতে নারীদের শরীর থেকে সংগ্রহ করা ঘামের নমুনা পরীক্ষা করেন। এরপর সেই নমুনার গন্ধের প্রতি পুরুষদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন।
গবেষণায় দেখা যায়, নারীদের একটি বিশেষ মানসিক অবস্থার সময়ের ঘামের গন্ধ পুরুষদের কাছে তুলনামূলক বেশি আকর্ষণীয় মনে হয়েছে। শুধু গন্ধ ভালো লাগাই নয়, এই গন্ধের সংস্পর্শে আসার পর পুরুষদের মধ্যে আকর্ষণ ও আগ্রহের অনুভূতিও বেড়েছে বলে পরীক্ষায় ইঙ্গিত পাওয়া যায়।
তিনটি পরীক্ষায় যা জানা গেল
বিষয়টি আরও ভালোভাবে বুঝতে গবেষকেরা তিনটি আলাদা পরীক্ষা করেন। প্রথম পরীক্ষায় কয়েকজন তরুণ পুরুষকে বিভিন্ন ধরনের নারীর ঘামের নমুনা শুঁকতে দেওয়া হয়। এরপর কোন গন্ধ তাদের কাছে বেশি ভালো লাগছে, তা জানতে চাওয়া হয়। ফলাফলে দেখা যায়, স্বাভাবিক ঘামের তুলনায় বিশেষ মানসিক অবস্থায় থাকা নারীদের ঘামের গন্ধ তাঁদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে।
দ্বিতীয় পরীক্ষায় দেখা হয়, এই গন্ধ পুরুষদের অনুভূতিতে কোনও পরিবর্তন আনে কি না। সেখানে দেখা যায়, বিশেষ গন্ধের সংস্পর্শে আসা পুরুষদের মধ্যে আকর্ষণের অনুভূতি তুলনামূলক বেশি ছিল।
তৃতীয় পরীক্ষায় গবেষকেরা মানুষের ইচ্ছা ও আগ্রহের ওপর শরীরের গন্ধের প্রভাব বোঝার চেষ্টা করেন। ফলাফল থেকে তাদের ধারণা, শরীরের প্রাকৃতিক গন্ধ মানুষের আচরণ ও মানসিক প্রতিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শরীরের গন্ধের মাধ্যমে একধরনের রাসায়নিক সংকেত আদান-প্রদান হতে পারে। তবে এর পেছনে একটি নির্দিষ্ট রাসায়নিক উপাদানই দায়ী, এমন প্রমাণ পাওয়া যায়নি। বরং শরীর থেকে বের হওয়া বিভিন্ন প্রাকৃতিক উপাদান একসঙ্গে মিলে গন্ধ তৈরি করে এবং মানুষের প্রতিক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।
তবে এই গবেষণার ফলাফল থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না যে সব পুরুষই নারীর ঘামের গন্ধে আকৃষ্ট হন। মানুষের পছন্দ, অনুভূতি ও আকর্ষণ ব্যক্তিভেদে আলাদা।
আকর্ষণের রহস্য শুধু চোখে নয়, নাকেও
কারো প্রতি ভালো লাগা তৈরি হওয়ার পেছনে চেহারা, ব্যক্তিত্ব, কথা বলার ধরন কিংবা আচরণের পাশাপাশি শরীরের স্বাভাবিক গন্ধও ভূমিকা রাখতে পারে। অনেক সময় কেন একজন মানুষকে অন্যদের তুলনায় বেশি ভালো লাগে, তার সব কারণ আমরা নিজেরাও বুঝতে পারি না। শরীরের গন্ধ সেই অনুভূতির পেছনে থাকা একটি কারণ হতে পারে।
মানুষের আকর্ষণের জগৎ শুধু চোখে দেখা সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, শরীরের অদৃশ্য কিছু সংকেতও সেখানে ভূমিকা রাখতে পারে।
